খুলনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
খুলনা ও সাতক্ষীরায় শনিবার দুটি সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। খুলনা প্রতিনিধি জানান, শহরের ফুলবাড়ীগেট এলাকায় শনিবার সকাল ১০টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম শেখ (৪০) নামের এক সাইকেল আরোহী মারা গেছে।
কালামের বাড়ি দৌলতপুরের দেয়ানা দক্ষিণপাড়ায়।
পুলিশ ট্রাকটি আটক এবং চালক শফিকুল ইসলাম ও হেলপার ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, শনিবার সকালে তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে ২য় শ্রেণীর ছাত্র মো নূর হোসেন (৭)।
নূর হোসেন কুমিরা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্কুলে যাওয়ার পথে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস (যশোর-ব-০৪৩) তাকে চাপা দেয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটি আটক করা যায়নি। তবে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
