সার পাচার ও কালোবাজারির বিরুদ্ধে প্রতিরোধ গড়–ন : সিএস করিম
সার কালোবাজারি ও পাচারকারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানালেন কৃষি উপদেষ্টা সিএস করিম। একই সঙ্গে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
শনিবার সকালে গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে সার ডিলার ও স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সার সংকট না থাকায় সন্তোষ প্রকাশ করে সিএস করিম বলেন, “তত্ত্বাবধায়ক সরকার জনগণের কল্যাণের জন্য এসেছে। এ সরকার জনগণের হয়েই কাজ করবে।”
উপদেষ্টা রাজশাহীর বরেন্দ্র অঞ্চল ঘুরে সার সংকট আছে কিনা সে খোঁজ-খবর নেন। সেইসঙ্গে বিদ্যমান মজুদ পরিস্থিতিতে রাজশাহী অঞ্চলে কৃষকদের হাতে হাতে সার পৌঁছানোর জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ সময় তিনি কৃষকদের সঙ্গে সার ও ডিজেল নিয়ে আলাপ করেন।
কৃষি উপদেষ্টা বলেন, “কৃষকের কাছে সার পেঁঁৗঁছাতে কেউ কোন রকম অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” রাজশাহীতে বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে বলেন, “বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষিসহ সকল ক্ষেত্রে এই সরকার দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেবে।”
উপদেষ্টা শুক্রবার বিকেলে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকুল বাজার, নাটোর সদরের নারায়ণপুর ও মাদ্রাসা মোড়ে স্থানীয় প্রশাসন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর রাত সাড়ে আটটায় রাজশাহী সার্কিট হাউজে বৈঠক করেন বিভাগীয় কমিশনার আনিস উদ্দিন মঞ্জুর এবং জেলা প্রশাসক ডা. আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।
