২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ওয়াসায় কোটি কোটি লিটার পানি চুরি

চট্টগ্রাম ওয়াসার বৈধ লাইনের বিপরীতে বিপুল সংখ্যক অবৈধ লাইন দিয়ে প্রতিদিন কোটি কোটি লিটার পানি চুরি হচ্ছে। এর ফলে মহানগরীতে দিন দিন বাড়ছে পানির সংকট। জানাচ্ছেন রুহুল আমিন রানা :

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত দেড় মাস ধরে ওয়াসার পানি চুরি রোধে ‘অপারেশন সেভ ওয়াসা’ অভিযান পরিচালনাকারী বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর পর্যবেক্ষণ অনুযায়ী পুরো নগর জুড়েই আছে পানি চুরির নেটওয়ার্ক। বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ পানি চুরি করা হয়।

ওয়াসার উর্ধ্বতন প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে মিটার ইন্সপেকটরসহ অনেকেই বলেছেন, নগরীর অধিকাংশ বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে একাধিক অবৈধ সংযোগের মাধ্যমে পানি চুরি হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মকসুদুল হাকিম চৌধুরী অবৈধ সংযোগের মাধ্যমে বিপুল পরিমাণ পানি চুরির বিষয়টি স্বীকার করলেও এর পরিমাণ ৪০ শতাংশ হবে না বলে দাবি করেন।

তিনি বলেন, “অবৈধ সংযোগগুলোতো আর বলে কয়ে কেউ নেয় না। তাই এ সংক্রান্ত হিসাব পাওয়া দুষ্কর।”

বর্তমানে ওয়াসার সরবরাহ করা পানির দৈনিক ২৬ শতাংশ সিস্টেম লসের বড় কারণ এই চুরি বলে তিনি জানান। 

 ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নগরীতে পানির চাহিদা ৫৪ কোটি লিটার। মোহরা পানি শোধনাগার ও ৫২টি গভীর নলকূপ থেকে উৎপাদিত পানি দিয়ে ওয়াসা চাহিদার মাত্র ৩৪ শতাংশ পূরণ করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ও বিদ্যুৎ সংকটের কারণে স্বাভাবিক সময়ে উৎপাদিত ১৭ কোটি লিটারের চেয়ে এখন গড়ে দৈনিক চার কোটি লিটার পানি কম সরবরাহ হচ্ছে। 

ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স-কে জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বৈধ সংযোগের সংখ্যা ছিল ৪৪ হাজারের কাছাকাছি। আর বৈধ পথকল রয়েছে ৬৮৯ টি। গত বছরে প্রায় পাঁচ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পানি চুরি রোধে এখনো সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে। 

ওয়াসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী গত দেড় মাসে তার পরিচালিত অভিযানের আলোকে নফহবংি২৪.পড়স-কে বলেন, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেই পানি চুরি হচ্ছে সবচেয়ে বেশি। সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে তিন কোটি ২৪ লাখ লিটার পানি চুরির ঘটনা ধরা পড়েছে। আরেকটি রেস্টুরেন্টে পানি চুরি হয়েছে প্রায় দুই কোটি লিটার।

অবৈধ সংযোগের পাশাপাশি নগরীর অধিকাংশ মিটার খারাপ বলে তিনি অনুসন্ধানে দেখতে পান। এসব মিটারে গড় বিল করার কারণে প্রচুর আন্ডার বিলিং হচ্ছে।

ওয়াসা ভবনের কাছে হাইওয়ে রোড এলাকার এক বাড়িওয়ালা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভাড়াটিয়াদের চাপের মুখে ওয়াসার একজন কর্মচারীর সঙ্গে বন্দোবস্ত করে গত মাসে তিনি ৩০ হাজার টাকায় একটি অতিরিক্ত সংযোগ নিয়েছেন। 

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মকসুদুল হাকিম চৌধুরী বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স-কে বলেন, বর্তমানে অবৈধ লাইনের সঠিক পরিসংখ্যান ওয়াসার হাতে নেই। তবে অধিকাংশ আবাসিক কিংবা বাণিজ্যিক সংযোগ গ্রহীতারা একটু বেশি সুবিধা পাওয়ার আশায় অবৈধ সংযোগ নিয়ে থাকেন।

তিনি বলেন, “কেউ যদি চুরি করার মানসিকতা নিয়ে কাজ করেন তাহলে তাকে ঠেকানো মুশকিল। কেননা জনবল সংকটের কারণে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সংযোগ পরীক্ষা করা অসম্ভব।”

ওয়াসা চেয়ারম্যান জানান, গত বছর এসব অবৈধ লাইনের মালিকদের বৈধ করার একটি সুযোগ দিয়েছিল ওয়াসা। কিন্তু গুটিকয়েক ব্যক্তি ছাড়া তা কেউ গ্রহণ করেন নি। এবার আর সে ধরনের সুযোগ দেয়া হবে না। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা অবৈধ সংযোগসহ রাজস্ব ফাঁকি দেয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে বলে স্বীকার করে তিনি বলেন, “চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”