বালা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে শুক্রবার ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে আব্দুল কাদির (৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে দায়িত্বরত বিডিআরের কর্নেল উবায়েদ জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে আব্দুল কাদির (৩২) খোয়াই নদীতে গোসল করতে গেলে ভারতের ত্রিপুরা রাজ্যের সিংগীছড়ার বিএসএফ সদস্যরা ১৯৬৪ নং পিলার অতিক্রম করে বাংলাদেশে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে বালা কোম্পানি কমান্ডার আবু তালেবের নেতৃত্বে বিডিআর সদস্যরা ঘটনাস্থলে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করেও দুই রাউন্ড গুলি ছোঁড়ে। বিডিআরও পাল্টা সাত রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এই গুলিবিনিময়ে কেউ হতাহত হননি।
