রাজশাহীতে গ্রামীণফোন আন্তর্জাতিক জুনিয়র টেনিস ২৮ জানুয়ারি থেকে
বিশ্বের ২২ টি দেশের অংশ গ্রহণে রাজশাহীতে গ্রামীণফোন আন্তর্জাতিক জুনিয়র (অনূর্ধ্ব ১৮) টেনিস চ্যাম্পিয়ানশিপ ২০০৭ আগামী ২৮ জানুয়ারি, রোববার শুরু হচ্ছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় রাজশাহির জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্ট চলবে ৪ ফেব্র“য়ারি পর্যন্ত। রোববার বেলা ২ টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস।
শুক্রবার সকাল ১১ টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্ট সম্পর্কে কিছু তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের জেনারেল সেক্রেটারী মুশতাক আহমেদ, টুর্নামেন্ট পরিচালক মোঃ খসরু, গ্রামীণফোনের সেলস এন্ড ডিস্টিবিউশন রাজশাহী বিভাগের প্রধান ইমন কল্যাণ দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের ২২ টি দেশের ৮০ জন বালক এবং ৪৬ জন বালিকা র্যাংকিং অর্জনের লক্ষ্যে অংশ নেবে এই টুর্নামেন্টে। ভারত থেকে আসছে ৩২ জন বালক ১৮ জন বালিকা, চাইনিজ তাইপে থেকে ১২ জন বালক ৫ জন বালিকা, জাপান থেকে ১ জন বালক ২ জন বালিকা, থাইল্যান্ড থেকে ২ জন বালক ১ জন বালিকা, ফিলিপাইন থেকে ৩ জন বালক ১ জন বালিকা, ইংল্যান্ড থেকে ২ জন বালক, বেলারুশ থেকে ১ জন বালক ১ জন বালিকা, বেলজিয়াম থেকে ৪ জন বালিকা, কানাডা থেকে ২ জন বালক, কুয়েত থেকে ২ জন বালক, চেক প্রজাতন্ত্র থেকে ১ জন বালক ১ জন বালিকা, জার্মানী থেকে ১ জন বালিকা, হংকং ও জর্ডান থেকে ১ জন করে বালক, নেদারল্যান্ড থেকে ১ জন বালক ৩ জন বালিকা, রোমানিয়া থেকে ১ জন বালিকা, দক্ষিণ আফ্রিকা থেকে ১২ জন বালক ৬ জন বালিকা, শ্রীলঙ্কা থেকে ১ জন বালক, এবং স্বাগতিক বাংলাদেশ থেকে ২০ জন বালক ও ৪ জন বালিকা এই টুর্নামেন্টে অংশ নেবে।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বালকদের শীর্ষ খেলোয়াড় চাইনিজ তাইপের মি. পেং শিয়েন। আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিংয়ে তার অবস্থান ২৩তম। বালিকাদের মধ্যে সর্বোচ্চ র্যাংকিংয়ের খেলোয়াড় থাইল্যান্ডের সোফিয়া মুলসেপ । তার র্যাংকিং ১৪৩।
