২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পঞ্চাশোর্ধ্ব মহিলা খুন

নগরীর হালিশহর আবাসিক এলাকায় একটি বাসায় ঢুকে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিনেদুপুরে পঞ্চাশোর্ধ্ব এক মহিলাকে হত্যা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 05:45 AM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মহিলার নাম নুর আফরোজ বেগম (৫৭)। স্বামী (মৃত) মো. হাবিব উল্লাহ। তাদের এক ছেলে আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হালিশহর এ ব্লকের ১৫ নম্বর লেনের টিনশেডের বাসায় দুর্বত্তরা মহিলাকে খুন করে কিছু টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে যায়। নিহতের মাথা, কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের সময় বাসায় ওই মহিলার সঙ্গে তার ১৬ মাসের এক নাতি ছাড়া কেউ ছিলেন না।

হালিশহর থানার কর্তব্যরত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ জিয়ারত হোসেন নিহতের মেয়ে স্কুল শিক্ষিকা ফেরদৌস আরা বেগমকে উদ্ধৃত করে জানান, ফেরদৌস আরা সকাল ১০টায় মেয়েকে বাসায় মায়ের কাছে রেখে স্কুলে যান। সন্ধ্যায় তিনি বাসায় ঢুকে মেঝেতে  রক্তাক্ত অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখেন।

জিয়ারত হোসেন জানান, তারা ধারণা করছেন দুপুরের কোনো এক সময়ে নুর আফরোজ বেগমকে হত্যা করা হয়।

এ ঘটনায় হালিশহর থানায় মামলা হয়েছে।