২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে

ঘাতক ব্যাধি এইডস বিস্তারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে উঠছে সিলেট। এ অঞ্চলে প্রতি বছর প্রায় দ্বিগুন হারে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয় চিকিৎসকদের হিসাবমতে, সিলেটে আক্রান্তের সংখ্যা অন্তত দেড় শতাধিক। কিন্তু বিভিন্ন বেসরকারি সংগঠনের মতে তা ৪০০ ছাড়িয়ে গেছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানাচ্ছেন পার্থ সারথি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

স্বাস্থ্য মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সংশি¬¬ষ্ট বিশেষজ্ঞ ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

প্রবাসীবহুল ও তিন দিকে ভয়াবহ এইডস আক্রান্ত দেশ ভারতের অবস্থান এবং সর্বোপরি সচেতনতার অভাব এ অবস্থার পেছনে মূল ভূমিকা পালন করছে বলে সংশি¬¬ষ্ট বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সাল থেকে চলতি মাস পর্যন্ত ১৭০ জন এইচআইভি ভাইরাস আক্রান্ত ব্যক্তি সিলেটের স্থানীয় চিকিৎসকদের কাছে আসেন। এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য প্রবাসী পুরুষ শ্রমিক। তাদের মধ্যে গত এক বছরে মারা গেছেন ১৬ জন।

সংশি¬¬¬¬ষ্ট সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রয়েছে ফেঞ্চুগঞ্জে। এরপর আসে সিলেট সদর, বিয়ানীবাজার ও কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়ার নাম।

এইডসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সিলেট অঞ্চলে বর্তমানে ১০টির বেশি বেসরকারি সংগঠন এটা নিয়ে কাজ করছে।

‘আশার আলো সোসাইটি’ নামের একটি সংগঠন সিলেটে এইচআইভি আক্রান্ত ৮২ ব্যক্তিকে নিয়মিত চিকিৎসা ও অন্যান্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি সিলেটে আরো এইচআইভি ভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান করছে।

এ সংগঠনের দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০০৪ সালে ২৩ জন আক্রান্তের সন্ধান পেয়েছিলেন। ২০০৫ সালে এ সংখ্যা বেড়ে হয় ৪৮ জন। ২০০৫ সালের ডিসেম্বরে সিলেটে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭৭ এ। গত বছর এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৫। এর মধ্যে মহিলা ও তরুণী রয়েছে ২২ জন।

 সংগঠনের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে আক্রান্ত হয়ে দেশে আসা পুরুষদের মাধ্যমে সিলেটে এইডস বেশি ছড়াচ্ছে। স্বামীর মাধ্যমে আক্রান্ত হচ্ছে স্ত্রী। অনেক ক্ষেত্রেই আক্রান্ত পুরুষেরা স্ত্রীকে জানায় না। এছাড়া চিকিৎসকের কাছেও যায় না তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে সবমিলে ২৪৮ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি ছিল। এদের মধ্যে ৪৩ জনই ছিল সিলেট অঞ্চলের।

এর মধ্যে সিলেট জেলায়ই ছিল ৪০ জন। এছাড়া মৌলভীবাজার জেলায় দুজন ও হবিগঞ্জ জেলায় একজন এইচআইভি আক্রান্ত ছিল।

সরকারি হিসেব অনুযায়ী, ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এইচআইভি আক্রান্তের ছিল ৩৬৫ জন। বর্তমানে তা আরো বেড়েছে। তবে সিলেটে এ বেড়ে যাবার হার বেশি বলে সংশি¬¬ষ্ট সুত্র জানিয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান শিব্বির আহমদ শিবলী বলেন,“সিলেটে পরিস্থিতি ভয়াবহ।”

সিলেটের ওসমানী হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, সিলেটে অন্তত ১৬০ জন এইডস আক্রান্ত ব্যক্তি তাদের শরণাপন্ন হয়েছেন। কিন্তু বেশিরভাগই সামাজিক ও ব্যক্তিগত প্রতিবন্ধকতার কারণে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। 

বিশেষজ্ঞরা জানান, সিলেট অঞ্চলের চার জেলার অন্তত ২০ লাখ লোক প্রবাসে থাকেন। আর এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে কর্মরত।

সূত্রমতে, আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই দুবাই ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে এইচআইভি আক্রান্ত হন। এছাড়া সিলেট অঞ্চলের তিন দিকেই রয়েছে ভারত। এইডস রোগীবহুল ভারতের মুম্বাই, মাদ্রাজ, মনিপুরসহ অন্যান্য রাজ্যে সিলেট অঞ্চলের অসংখ্য ব্যবসায়ী নিয়মিত যাতায়াত করেন।

এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টির ব্যাপারে সরকারি কোন কর্মসূচি সিলেটে চোখেই পড়ে না। এমনকি এইডস দিবসেও এখানে সরকারি কোনো কর্মসুচি পালন না করা হচ্ছে। ২০০৩ সালে এইডস দিবসে সিলেট জেলায় সরকারি কর্মসূচি পালিত হয়নি।

সিলেটের সিভিল সার্জন আবু জাফর মাহবুব আহমদ বলেন, “এ অবস্থায় আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিভি কর্মসূচির আওতায় সিলেটে এইডস রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সভা--সেমিনারের পাশাপাশি প্রচার--প্রচারণা চালাচ্ছি।”

তবে ২০০৩ সালে এইডস দিবসে সিলেটে সরকারি কোনো কর্মসূচি কেন পালন করা হয়নি তার জবাব দিতে গিয়ে তিনি নিরুত্তর থাকেন।

‘আশার আলো সোসাইটি’র প্রকল্প সমন্বয়ক মো. সামছুল আলম সিলেটে এইডস পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে বলেন, “দেশের বিভিন্ন জেলার তুলনায় সিলেটে এইডস আক্রান্তের সংখ্যা খুব বেশি। সম্প্রতি এক জরিপে সিলেটে ৪০০ জনেরও বেশি আক্রান্ত পাওয়া গেছে বলে তিনি উল্লে¬খ করেন।

তিনি জানান, আক্রান্তদের বেশিরভাগই মহিলা। একই সঙ্গে গত এক বছরে অনেক শিশুও এইডস আক্রান্ত হয়েছে। এছাড়া এইডস আক্রান্ত হওয়ার বহুদিন পর মাঝে--মধ্যে কেউ কেউ চিকিৎসকের কাছে যান।

দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও  কুসংস্কার ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে আক্রান্তরা চিকিৎসককে জানাতে সাহস পান না বলে তিনি ধারণা করেন।

সিলেট এইডসের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্বীকার করে ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান শিব্বির আহমদ শিবলী বলেন, “সিলেটে পরিস্থিতি ভয়াবহ। সিলেটে প্রতিনিয়তই দুই--একজন করে আক্রান্ত বাড়ছে। তবে সমাজব্যবস্থা এবং কুসংস্কারের কারণে এরা সেবা ও পরামর্শ পাচ্ছে না। এটা অবশ্যই পরিতাপের বিষয়।”