চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ কোটি টাকার জমি উদ্ধার
ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার মহানগরীর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে কাঁচাবাজারসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। বড়পুল এলাকার কাঁচাবাজার উচ্ছেদের ফলে প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৫ কাঠা জমি উদ্ধার করা হয়।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত এ ভ্রাম্যমান আদালত বন্দর চ্যানেলে অপর এক অভিযান চালিয়ে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগে দুটি জাহাজকে সোয়া তিন লাখ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত নগরীর আগ্রাবাদ, হালিশহর ও বড়পুল এলাকায় অভিযানকালে কাঁচা বাজারসহ আগ্রাবাদ এক্সেস রোডের দক্ষিণ পাশের জায়গা দখল করে নির্মিত যন্ত্রাংশ মেরামতের ১২টি গ্যারেজ, ফাস্টফুডসহ বেশ কয়েকটি দোকান, একটি কমিউনিটি সেন্টার, একটি সিএনজি স্টেশনের সীমানার অংশবিশেষ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।
এসময় রাজমুকুট কমিউনিটি সেন্টার, এমএফসি ফুড সেন্টার ও শাহ আমানত ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস নামে তিনটি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বড়পুল ও পিসি রোডের সংযোগস্থলে সিটি কর্পোরেশনের এবং হাউজিং এস্টেটের জমি দখল করে গড়ে ওঠা কাঁচা বাজার অবৈধ দখলমুক্ত করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ কাঠা জমির ওপর গড়ে ওঠা এ জায়গার বর্তমান মূল্য আনুমানিক তিন কোটি টাকা। এ বাজারের কারণে এলাকায় দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকত।
এদিকে বৃহস্পতিবার বন্দর চ্যানেলে অভিযানকালে অতিরিক্ত মালামাল বোঝাই করে বন্দর নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এমভি রাজেশ-- ৪ ও এমভি আদ্রিতা নামে দুটি অভ্যন্তরীণ লাইটার জাহাজকে আটক করে এবং সোয়া তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এ নিয়ে আদালত গত দুই দিনে বন্দর চ্যানেলে একই অভিযোগে ২২টি জাহাজকে মোট সাড়ে নয় লাখ টাকা জরিমানা আদায় করে।
অপরদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আরেকটি অভিযান চালিয়ে নগরীর ব্যস্ততম সদরঘাট রোডের নিউমার্কেট মোড় থেকে রাস্তার উভয় পাশের প্রায় ২০০টি পাকা, আধা পাকা, টিন শেড ও কাঁচাঘর স্থাপনা উচ্ছেদ করে।
ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
