র্যাবের অভিযানে চার কোটি টাকার টেলি সরঞ্জাম আটক
র্যাব রাজধানীর বাড্ডা ও ধানমণ্ডিতে বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দু’টি অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতি আটক করেছে।
বিদেশে টেলিফোন করার জন্য অবৈধ নেটওয়ার্ক স্থাপন করার অভিযোগে র্যাব ধানমণ্ডির জিগাতলা এলাকা থেকে রফিকুল ইসলাম বাবলু (২৯) নামে এক ব্যাক্তিকে হাতেনাতে আটক করেছে। তবে বাড্ডা থেকে তারা অভিযুক্ত মোহাম্মাদ হাসান ও আজাহারুল ইসলাম মানিককে ধরতে পারেনি।
বাড্ডায় অভিযানের নেতৃত্বদানকারী র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মেজর সামসুজ্জাহা নফহবংি২৪.পড়স কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা বৃহস্পতিবার রাত ১২টার পরে বাড্ডার ভাটারা এলাকার খন্দকার বাড়ির মোড় এলাকার (১৪০৩, নূর ভিলা) পাঁচ তলা বাড়ির চার তলায় অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ি থেকে তারা আনুমানিক সাড়ে তিন কোটি টাকার টেলি সরঞ্জাম আটক করে। (আরও তথ্যসহ)
মেজর জোহা জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে -- ১৮ টি কুইনটাম, ২১০ টি টেলুলার, ১০ টি ইউপিএস, দু’টি জেনারেটর ইত্যাদি। দীর্ঘদিন ধরে ওই বাসায় ভিওআইপি -- এর নিষিদ্ধ ব্যবসা চালানো হতো বলে তাদের ধারনা।
এ বিষয়ে বাড্ডা থানায় মোহাম্মাদ হাসান ও আজাহাররুল ইসলাম মানিক নামে পলাতক দু’জন সন্দেহভাজনকে আসামী করে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পরে রাত দুইটার দিকে র্যাব -- ২ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তারের নেতৃত্বে অভিযান চলে ধানমণ্ডির জিগাতলা এলাকার একটি বাসায়। সেখান থেকে প্রায় ১ কোটি টাকার ভিওআইপি এর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম বাবলুকে।
র্যাব এর এএসপি বাবুল আক্তার জানান, বছর দুয়েক হলো ওই ব্যক্তি সেখানে বাসা ভাড়া নিয়ে গোপনে ভিওআইপি এর ব্যবসা চালাতো। এ বিষয়ে ধানমণ্ডি থানায় মামলা করা হচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার গভীর রাতে র্যাব নগরীর আজিমপুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ভিওআইপি যন্ত্রপাতি আটক করে।
