২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি টিআইবি: দুর্নীতি বিরোধী জাতিসংঘ সনদে স্বাক্ষর করুন

দুর্নীতি বিরোধী জাতিসংঘ সনদে স্বাক্ষর করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতীয় স্বার্থেই তা করার উচিত বলে মনে করে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 05:51 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকারের কঠোর অবস্থান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার এটিই সঠিক সময়।

রাজনৈতিক স্বদিচ্ছার অভাবই সনদে স্বাক্ষর না হওয়ার মূল কারণ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখার জামান বলেন, বেসরকারি ক্ষেত্র, সংবাদ মাধ্যম, ধর্মীয় গোষ্ঠী এবং সুশীল সমাজের প্রত্যেকেরই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, “সরকারের উচ্চমহল সবসময় দুর্নীতি বিরোধী সনদ স্বাক্ষরের কথা বলে আসলেও এখনও কার্যকর করা সম্ভব হয়নি। শুধু কথায় হবে না, আমরা চাই এর পূর্ণ বাস্তবায়ন।”

ড. ইফতেখার জামান এক প্রতিবেদনে বাংলাদেশে বিগত বছরগুলোতে দুর্নীতির চিত্র তুলে ধরে জাতিসংঘ সনদে স্বাক্ষর করার অত্যাবশ্যকীয়তা তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়:

এই সনদ সমর্থনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রমানিত হবে। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার এর ধারা সনদে অন্তর্ভুক্ত করা হরে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক সনদ আমাদের পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সাহায্য করবে।

রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে উন্মুক্ততা, সচ্ছতা, জবাবদিহিতা এবং সর্বোপরি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তথ্যের স্বাধীনতা দরকার জানিয়ে প্রতিবেদনে বলা হয়, সনদ স্বাক্ষরের মাধ্যমে বিশ্বের সাম্প্রতিক তথ্যের আদান--প্রদান সহজতর হবে। আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে।

সনদে স্বাক্ষর করা হলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্যদানকারী, তথ্য প্রদানকারী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারাবদ্ধ থাকবে। পাশাপাশি, কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানে আইনগত ব্যবস্থা গ্রহণেও সরকার প্রতিশ্র“তিবদ্ধ থাকবে।

দুর্নীতি রোধে বিভিন্ন দেশ যেসব কার্যকর পদক্ষেপ নিয়েছে সেই অভিজ্ঞতা এবং তাদের প্রশাসনের সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের সফল কার্যক্রমের পারস্পরিক আদান--প্রদান ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি রোধে ফলপ্রসূ পদক্ষেপ নিতে সহায়ক হবে।

প্রতিবেদনে সবশেষে বলা হয়, দুর্নীতিই সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার একমাত্র অন্তরায়। কারণ এর ভিত্তি অনেক গভীরে।

ড. জামান এ ব্যাপারে তিনটি মৌলিক বিষয়ের ব্যাপারে তাঁর সুপারিশ তুলে ধরেনÑÑরাজনৈতিক সদিচ্ছা, নাগরিক সচেতনতা ও চাহিদা এবং আন্তর্জাতিক সমন্বয় সাধন।

উল্লেখ্য, ২০০৩ সালে ৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৪৮টি দেশ দুর্নীতি বিরোধী জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছে। এছাড়া অন্তত ৮৩টি রাষ্ট্র সনদের পক্ষে তাদের সমর্থন দেয়। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কোষাধ্যক্ষ এম হাফিজ উদ্দিন খানও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।