প্রার্থীদের আয় ও সম্পদের তথ্য দিতে হবে কি না তার শুনানি ৩১ জানুয়ারি
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও সম্পদের হিসাব দিতে হবে কী-না তা নির্ধারণ করতে আগামি বুধবার আপিল বিভাগে শুনানি শুরু হবে।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপত্বিতে চার বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।
২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থে রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্যসহ হলফনামা (এফিডেভিট) নেওয়ার নির্দেশ দেন। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজের আদালত হাইকোর্টের ওই রায় স্থগিত করে দেন।
স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য রিটকারীর পক্ষে দায়ের করা আবেদনের শুনানিতে আবদুল মোমেন চৌধুরী বলেন, আবু ছাফা নামের যে ব্যক্তি এ স্থগিতাদেশ নিয়েছিলেন, তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে স্থগিতাদেশটি প্রত্যাহার করে নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য প্রদানের বিষয়টি নিশ্চিত করা হোক।
এ সময় সুশাসনের জন্য নাগরিক-- সুজনের পক্ষে ড. এম জহির আদালতকে সহযোগিতার আবেদন জানালে আদালত তাকে ‘পক্ষভুক্ত নন’ ঘোষণা করে আবেদন নাকচ করে দেন।
আদালতে আবু ছাফার পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও ব্যারিস্টার ওমর সাদাত উপস্থিত থাকলেও কোন বক্তব্য রাখেননি।
প্রসঙ্গত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দ্বীপের জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই আপিল বিভাগে শুনানির অনুমতির আবেদন (লিভ--টু--আপিল) দায়ের করেছিলেন। গত বছরের ৬ এপ্রিল আপিল বিভাগ ওই আবেদন মঞ্জুর করলেও তখন কোনো স্থগিতাদেশ দেননি।
