এরশাদের অভিযোগে আদালত বদলাতে হলো আপিল বিভাগকে
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের একটি আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় হাইকোর্টের বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে চার বিচারকের সম্বয়ে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।
শাড়ির ভাঁজে ভাঁজে প্রায় দুই কোটি টাকা উদ্ধার সংক্রান্ত দুর্নীতির মামলাটি বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আউয়াল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি হাসান আমিন ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত তুলনামূলক জ্যেষ্ঠ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এরশাদ ন্যায় বিচার পাবেন না এ আশংকায় তার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আপিল বিভাগে একটি আবেদন করেন।
শুনােিত ব্যারিস্টার রফিকুল হক বলেন, “এরশাদ মহাজোটে যাওয়ার কারণে অতি উৎসাহী হয়ে তার বিরুদ্ধে আনীত সবগুলো মামলা শুনানির জন্য তড়িঘড়ি করে নির্ধারণ করা হয়। মূলত এর উদ্দেশ্য হলো আগামী সাধারণ নির্বাচনের আগেই এরশাদকে সাজা দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া।”
রফিকুল বলেন, “নিম্ন আদালতে এ মামলায় এরশাদকে ৩ বছর সাজা দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলেও ১৫ বছর যাবৎ এর শুনানি হয়নি। কিন্তু রাজনৈতিক কারণে তাড়াহুড়ো করে মামলার শুনানি শুরু করা হলো। অথচ সরকার পক্ষ এখনো মামলার পেপার বুকই তৈরি করেনি। ভাবখানা এমন, আপিলের শুনানি না করলে যেন আকাশ ভেঙ্গে পড়বে।”
এরশাদের আইনজীবী আরো বলেন, “এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। স্বভাবতই এরশাদ আশা করেছিলেন ন্যায় বিচার পাবেন। কিন্তু আদালত হঠাৎ করে শুনানির দিন ধার্য করায় এরশাদের আশংকা তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই ন্যায় বিচার পেতে ফৌজদারি কার্যবিধির ৫২৫(এ) অনুযায়ী প্রধান বিচারপতির কাছে আদালত পরিবর্তনের জন্য এ আবেদন করা হয়েছে।”
আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে রফিকুল বলেন, “এরশাদের মামলার দ্রুত নিস্পত্তি চায় আদালত। এই কারণে একই দিন হঠাৎ করে দুটি মামলার তারিখ নির্ধারণ করেন ঐ বেঞ্চের বিচারকেরাা। দৈনদিন কার্যতালিকার ৪০ নম্বরে থাকা এই মামলাটি ১ নম্বরে আনা হয় শুনানির জন্য। তাছাড়া অ্যাটর্নি জেনারেলও দ্রুত এরশাদের বিচার চায়। এর রহস্য কী?”
আদালত বলেন, নতুন বিচারপতিদের প্রবীণ আইনজীবীরা শিষ্টাচার শেখাবেন।
জবাবে রফিকুল হক বলেন, “এরা শিখতে চায়না, শেখাতে চায়। দলীয় কর্মীদের মতো এদের আচরণ।”
এ পর্যায়ে আদালত এরশাদের আবেদন গ্রহণ করে বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের কোন কৌঁসুলি ছিলেন না।
১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পর এরশাদের বাসভবন থেকে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা শাড়ির ভাঁজে ভাঁজে এবং ১১ সেট স্বর্ণালংকার, ৬০ সেট সোনার মেডেল ও ১৬৪ পিস বৈদ্যুতিক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা দুর্নীতির মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্র“য়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে ৩ বছরের কারাদণ্ড দেয়। ওই বছরের ১৬ ফেব্র“য়ারি এরশাদ এ মামলায় হাইকোর্টে আপিল করে। রাষ্ট্রপক্ষ থেকেও আপিল দায়ের করা হয়।
আদালত থেকে বেরিয়ে এসে ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, “এরশাদ যখন মহাজোটে গেল, তখনই এরশাদের সকল মামলা চাঙ্গা করা হলো। বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী একটি মামলায় এরশাদকে শাস্তি দিয়ে দিলেন। অন্য মামলাগুলো পুনরুজ্জীবিত করে তড়িঘড়ি করে শুনানির উদ্যোগ নেয়া হয়। বিচারকদের ভাব দেখে মনে হয়, তারা কোনো কোনো রাজনৈতিক দলের প্রতি দুর্বল। বিচারকদের দলীয় আনুগত্য থাকলে দেশের ভবিষ্যত অন্ধকার।”
কিন্তু হঠাৎ করে মামলাটি শুনানির জন্য আনা প্রসঙ্গে তিনি বলেন, “বিচার প্রার্থীরা আদালতে আসে সৎ ও ন্যায়বিচার পাওয়ার জন্য। কিন্তু বিচারপতিরা পক্ষপাত দুষ্ট হওয়ার মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।”
এরশাদের অপর কৌঁসুলি ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেন, “মক্কেলরা হাইকোর্টে আসে ন্যায় বিচার পাওয়ার আশায়। সেটা যখন না পায়, তখন কষ্ট লাগে।”
তিনি বলেন, “এরশাদ জিতলো কি হারলো সেটা বড় কথা নয়, বিচারকদের আচরণটাই ছিল দুঃখজনক, এ অবস্থার অবসান হওয়া উচিত।”
