দুর্নীতি দমন কমিশনের ভাঁড়দের চলে যেতে হবে: উপদেষ্টা মতিন
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুরোপুরি ব্যর্থ মন্তব্য করে বর্তমান উপদেষ্টা ও দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক এম এ মতিন বলেছেন, কমিশনকে অবশ্যই ভাঁড়মুক্ত করতে হবে।
তিন বছরে এ কমিশন জাতিকে কিছুই দিতে পারেননি মন্তব্য করে তিনি বলেন, “ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে দুদক সদস্যদের অবশ্যই চলে যাওয়া উচিত।”
বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা এম এ মতিন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়ে সরকারের উদ্যোগের খবরের মধ্যে উপদেষ্টা মতিন কড়া সমালোচনা করলেন দুদকের।
মতিন বলেন, “গত সরকার একটি পঙ্গু কমিশন গঠন করেছে, যার চেয়ে দুর্নীতি দমন ব্যুরো অনেক সচল ছিল।”
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর অধিকাংশ কর্মকর্তা দুর্নীতিবাজ ছিলেন। এখনও যারা আছেন তাদের অধিকাংশও দুর্নীতিবাজ।”
সাংবাদিকদের তিনি বলেন, “আকিজ বিড়ির বিরুদ্ধে ৮০ কোটি টাকার দুর্নীতি মামলা হয়েছে, তার পরিণতি কি হয়েছে তা জিজ্ঞেস করুন।”
যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে আমার আগে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাননি।”
যোগাযোগ খাতের দুর্নীতি সংক্রান্ত সব ধরনের অভিযোগ তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে আমি তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।”
তত্ত্বাবধায়ক সরকার দুদকের সর্বশেষ পরিস্থিতি পরীক্ষা -- নিরীক্ষার জন্যে সাত সদস্যের যে কমিটি গঠন করেছে উপদেষ্টা মতিন সেই কমিটির একজন।
এদিকে বৃহস্পতিবার উপদেষ্টা মতিনের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস।
সাক্ষাৎ অনুষ্ঠান শেষে মতিন সাংবাদিকদের জানান, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বাংলাদেশ বিমানে লোকসান হচ্ছে। ঢাকা--নিউইয়র্ক রুটে প্রতি ফ্লাইটে ১ কোটি ২৫ লাখ টাকার লোকসান হতো। বাধ্য হয়েই এ রুট বাতিল করা হয়েছে। বিমানের সার্বিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে তদন্ত করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন,“ বিউটেনিস তাকে বলেছেন বিমানকে আধুনিকায়ন করাসহ লাভজনক করার ব্যাপারে সরকারি কোনো পরিকল্পনা থাকলে যুক্তরাষ্ট্র তাতে সহযোগিতা করবে। এ ছাড়া নতুন বিমান কিনতেও সহায়তা দেবে তার দেশ।”
মতিন বলেন, “ বিমান কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন ২/১টা নতুন বিমান কিনে দেওয়া হলে বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।”
আধুনিকায়নের ব্যাপারেও যুক্তরাষ্ট্র সহযোগিতা দিতে রাজি আছে বলে উপদেষ্টা জানান।
