২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'ক্রসফায়ারে' চরমপন্থি নিহত

জেলার নারায়ণপুরে বুধবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ পড়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য জানে আলম (৩০) নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 11:10 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সে সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আজম শেখের ছেলে।

র‌্যাব--৬ ঝিনাইদহ ক্যাম্পের উপ--অধিনায়ক মেজর হাফিজুর রহমান জানান, জানে আলমকে মঙ্গলবার রাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা জানালে বুধবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় র‌্যাব। দলটি রাত সোয়া আটটার দিকে নারায়ণপুরের হঠাৎপাড়ায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা চরমপন্থিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে ‘ক্রসফায়ারে’ পড়ে জানে আলম নিহত হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও চারটি গুলি উদ্ধার করেছে।

জানে আলম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল--জনযুদ্ধ) সদস্য ছিল বলে র‌্যাব দাবি করেছে। তার বিরুদ্ধে হরিণাকুন্ড থানায় দুটি হত্যাসহ কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে।