রাজধানীতে রেললাইনের পাশের ৪ কিলোমিটার পর্যন্ত বস্তি উচ্ছেদ
রাজধানীর এফডিসি রেলক্রসিং থেকে মহাখালী রেলক্রসিং পর্যন্ত প্রায় চার কিলোমিটার রেললাইনের দুই পাশের তিন হাজারের বেশি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা তিন হাজার কাঁচা ঘর এবং প্রায় পাঁচশ’ ঝুপড়ি দোকান ভেঙে ফেলা হয়। এতে এসব ঘরের প্রায় ১৫ হাজার বাসিন্দা উদ্বাস্ত হয়ে পড়েছেন। আগাম নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন।
র্যাব, পুলিশ, আনসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীÑÑজিআরপি পুলিশের দুই শতাধিক সদস্য সকাল ১০টা থেকে অভিযান শুরু করে। বস্তির বাসিন্দারা উচ্ছেদের প্রতিবাদ জানালেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী এবং উচ্ছেদের শিকার লোকজন জানান, যৌথ বাহিনীর সদস্যরা সকাল ১০ টার দিকে কারওয়ান বাজারের কাছে এফডিসি রেলগেট থেকে অভিযান শুরু করে। একটানা দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তারা তেজগাঁও রেলস্টেশনের পূর্বপ্রান্ত পর্যন্ত দুই হাজার কাঁচাঘর ও প্রায় পাঁচশ’ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেন।
আধা ঘন্টা বিরতির পর তেজগাঁও রেল স্টেশনের পশ্চিম প্রান্ত থেকে আবার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে মহাখালী রেলক্রসিং পর্যন্ত একহাজার কাঁচাঘর ও ঝুপড়ি দোকান ভেঙে ফেলা হয়।
বুধবার দুপুরে ঘটনাস্থল ঘুরে দেখা যায় কয়েক হাজার মানুষ তাদের সামান্য সহায়-সম্বল নিয়ে রেললাইনের দু’ পাশে বসে বিলাপ করছেন।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আছিয়া বেগম (৪০) ফোঁপাতে ফোঁপাতে বলেন, ফেনীর ছাগলনাইয়া থেকে দু’বছর আগে ঢাকা আসার পর এক হাজার টাকায় বস্তির একটি ঘর ভাড়া নিয়েছিলেন। রিক্সাচালক স্বামী সকালেই ঘর থেকে বের হয়ে গেছেন। এখনো ফেরেননি। এখন তিন সন্তান নিয়ে কোথায় আশ্রয় নেবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না।
মুদি দোকানদার আলতাফ হোসেন (৩০) দোকানের জায়গাটি দেখিয়ে বলেন, সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি দোকানটি চালু করেছিলেন। এখন কীভাবে চলবেন, ঋণের কিস্তির টাকা কীভাবে পরিশোধ করবেন তা ভেবে আতঙ্কিত।
অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ রেলওয়ের স্টেট বিভাগের আঞ্চলিক কর্মকর্তা (রাজস্ব) আব্দুর রহিম মোল্লা নফহবংি২৪.পড়স কে বলেন, এফডিসি থেকে মহাখালী রেলক্রসিং পর্যন্ত রেললাইনের দুপাশের ২২ ফিট পর্যন্ত ১৫০ একরের বেশি রেলওয়ের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
দেড় বছর আগে একবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল বলেও তিনি জানান।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব--২ এর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, উচ্ছেদ করা এই বস্তি নগরীর বৃহৎ মাদক আখড়া হিসেবে পরিচিত ছিল। এটি সন্ত্রাসীদেরও নিরাপদ আশ্রয়স্থল ছিল।
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বস্তি উচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোন ব্যাপারে সিদ্ধান্ত নিই না। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করি মাত্র।”
এদিকে দেশের কয়েকটি মানবাধিকার সংগঠন বস্তি উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযানের নামে বস্তি উচ্ছেদ একদিকে যেমন সর্বোচ্চ আদালতের রায় অমান্যের শামিল, অন্যদিকে তা মানবাধিকারের লঙ্ঘন।
এর আগে আসক ও আরেকটি বেসরকারী সংস্থা ব্লাস্ট পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ না করার আবেদন জানিয়ে উচ্চ আদালতের শরনাপন্ন হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বস্তি উচ্ছেদের উপর নিষেধাজ্ঞা জারি করে। মামলাটি এখনও বিচারাধীন।
ওই মামলার আইনজীবী ব্যারিস্টার তানজিব--উল আলম বুধবার নফহবংি২৪.পড়স কে বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও বস্তি উচ্ছেদ সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার শামিল।”
উচ্ছেদ ঠেকাতে তারা কোন পদক্ষেপ নেবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “দেশে বর্তমানে জরুরি অবস্থা চলছে। সব মৌলিক অধিকার স্থগিত রয়েছে। সে কারণে আমরা আদালতে যেতে পারছি না।”
