২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যতো দ্রুত সম্ভব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় এনডিআই

গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে যতো দ্রুত সম্ভব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এনডিআই এর এশিয়া কর্মসূচির পরিচালক পিটার এম মেনিকাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার সঙ্গে সাক্ষাত করে এ মতামত ব্যক্ত করে।

ঘন্টাব্যাপী এ বৈঠকে ভোটার তালিকা সংশোধন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। 

বৈঠক শেষে এনডিআই প্রতিনিধি দলের নেতা  সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এনডিআই চায় যতো তাড়াতাড়ি সম্ভব দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক।”

বিএনপির পক্ষে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন,“ভোটার তালিকা সংশোধনসহ সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে এনডিআই তাদের বিভিন্ন পরিকল্পনার কথা আমাদের জানিয়েছে। আমরা মনে করি দেশে যতো তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য যা কিছু করার প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার তা করবে বলেও আমরা মনে করি।”

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এম কে আনোয়ার, এ এইচ এম মোফাজ্জল করিম, যুগ্ম  মহাসচিব নজরুল ইসলাম খান এবং সাবেক রাষ্ট্রদুত আব্দুল্লাহ আল হাসান।

এনডিআই এর  প্রতিনিধি দলে ছিলেন আবাসিক পরিচালক ওয়েন লিপার্ট, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেবরা হিলি, এশিয়া অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার টেরি হোবার্টার, সিনিয়র অপারেশন ম্যানেজার সাইফুল করিম।

এনডিআই প্রতিনিধি দল এর আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে।