২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নয়, গ্রহণযোগ্য নির্বাচনে জোর দিচ্ছে তদারকি সরকার: মইনুল

দেশ, জনগণ ও গণতন্ত্রের ভবিষ্যত নির্ভর করছে বলে তাড়াহুড়া নয় বরং একটি সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচনের উপরই জোর দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 02:39 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ব্যারিস্টার মইনুল হোসেনের মতে, নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয় যে তাদের বক্তব্য অনুযায়ী দ্রুত তা করে ফেলতে হবে। নির্বাচন দেশের জনগণ ও গণতন্ত্র সবার জন্য। তাই সবকিছু বাদ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করে দিতে হবে--এটা ঠিক মনোভাব নয়। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা। 

নিজেদের অবস্থান স্পষ্ট তুলে ধরে মইনুল বললেন, “তদারকি সরকার কোন দলকে ক্ষমতায় বসাতে দায়িত্ব নেননি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর জন্য তারা কাজ করে যাচ্ছেন।”

ব্যারিস্টার মইনুল হোসেন বলেন দেশে জরুরি অবস্থা থাকলেও সবগুলো মৌলিক অধিকার স্থগিত করা হয়নি। শুধু উস্কানিমূলক রাজনৈতিক কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। সাধারণ আইনেও এধরনের মৌলিক অধিকারগুলো স্থগিত করার বিধান রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মইনুল বলেন সংবাদপত্রের স্বাধীনতা বহাল রয়েছে। তবে স্পর্শকাতর বিষয়গুলোতে সহনশীলতা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে তিনি সবার প্রতি আহবান জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের একটি উক্তি সম্পর্কে মইনুল বলেন  নির্বাচন কমিশন পূনর্গঠন হলেই সব জটিলতার অবসান ঘটবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের সরে যাওয়াই ভাল।

তিনি আরো বলেন, “আমরা যারা সাংবিধানিক পদে রয়েছি তাদের এটাকে চাকরি মনে না করে দায়িত্ব মনে করা উচিত।”

বিচারপতি মাহফুজুর রহমানের উদ্দেশে তিনি বলেন “আমরা চাইবো সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত না হউক। তাদের সম্মান রক্ষার্থে তাদের সরে যেতে বলা হয়েছে।”

করণীয় কাজের তালিকায় দুর্নীতি দমন কমিশনকে যে তদারকি সরকার উপরের দিকেই রেখেছে তারও প্রমাণ মিললো মইনুল হোসেন এর বক্তব্যে। তিনি বললেন, “কমিশনকে দুভাগ্যজনকভাবে অকার্যকর করে রাখা হয়েছে। তারা যেন স্বাভাবিক কার্যক্রম করতে পারে সে জন্য আইন গত জটিলতাগুলো দুর করতে তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করছে।”

মইনুল বললেন, দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তার সঙ্গে দেখা করে জনবল কাঠামো বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিনিধি দলকে বলেছেন যে, এটা এ সরকারের দায়িত্বের আওতায় পড়ে না। তবে কমিশন যাতে কাজ করতে পারে সরকার তার ব্যবস্থা নেবেন।

কমিশনের কর্মকর্তাদের আইনগত জটিলতাগুলো নিস্পত্তির পরে দ্রুত অভিযোগপত্র দাখিলের পরামর্শও দিয়েছেন বলেও জানালেন মইনুল। 

ফাঁসির আদেশ পাওয়া জঙ্গিরা ক্ষমা না চাইলে সাধারণ আইন অনুসারেই তাদের দণ্ড কার্যকর করা হবে বলে জানালেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।

মইনুল হোসেন বলেন, জঙ্গিদের এখনও ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ প্রক্রিয়ায় তারা ক্ষমা না চাইলে আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি আরও জানান মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে জঙ্গিদের অর্থের যোগানদাতা ও ‘গডফাদার’দের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।