ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ক্রটির কারণে আজ বুধবার সকাল ৯টা থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় ইউরিয়া প্ল্যান্টের লিকেজ দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানা গত আগষ্ট মাসে ৬০ কোটি টাকা ব্যয়ে ‘ওভারহোলিং’ করা হলেও গত পাঁচ মাসে যান্ত্রিক ক্রটির কারণে অন্তত নয় বার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছে।
জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, প্ল্যান্টের যান্ত্রিক ক্রটি সারানোর চেষ্ট চলছে।
এদিকে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন ইরি--বোরো মৌসুমে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দেওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট ডিলার ও কৃষকরা।
