২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রদল নেতাসহ ৪ জন আটক, স্থাপনা উচ্ছেদ

যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার পাইকগাছা উপজেলা ছাত্রদল সভাপতি আসলাম পারভেজ ও সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান সানাসহ ৪ জনকে আটক করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী  ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের মক্কা ট্রেডিং এবং শামসুল ইসলাম ওরফে ব্লাকার শামসুর চারতলা ভবনের কিছু অংশসহ জেলার বিভিন্ন স্থানের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।

যৌথ বাহিনীর স্থানীয় ক্যাম্পের কর্মকর্তারা জানান, সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে পাইকগাছা উপজেলা ছাত্রদল সভাপতি আসলাম পারভেজ, কপিল মুনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুজিবর রহমান সানা ও ওয়াহিদুজ্জামনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে সেনা সূত্র জানায়। এছাড়া বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রাম থেকে প্রতারণার অভিযোগে বিধান চন্দ্র মন্ডলকে নৌবাহিনীর সদস্যরা আটক করেছে।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনী মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরীর কালীবাড়ী এবং ৪ ও ৫ নং ঘাট এলাকায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের সময় ৫নং ঘাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মক্কা ট্রেডিং এর অবকাঠামোর বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। পরে যৌথ বাহিনী নগরীর বড়বাজার কালীবাড়ী সড়কে  ব্লাকার শামসুর চারতলা ভবনের কিছু অংশ উচ্ছেদ করে।

এছাড়া বড় বাজার ডেল্টা ঘাটের রাজীব ট্রেডার্স, হাসান এন্টার প্রাইজ, তাইওয়ান ট্রেডিং, হাসিানিয়া এন্টারপ্রাইজ, দ্বীপ ট্রেডার্স ও খলিলের হোটেলসহ ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা খুলনা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ এর কাছ থেকে জমি লিজ নিয়ে ব্যবসা করে আসছেন। ওই জায়গা সিটি কর্পোরেশনের না। কিন্তু সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আব্দুল আহাদ ষড়যন্ত্র করে স্থাপনাগুলো উচ্ছেদ করিয়েছেন।

তবে আব্দুল আহাদ দাবি করেছেন, অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো     হয়েছে। এক্ষেত্রে কোনো চক্রান্ত হয়নি।