সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২২৩৫জন
সারা দেশে সশস্ত্র বাহিনী, পুলিশ ও র্যাবের অভিযানে ২৪ ঘন্টায় ১৮ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং মোট ২২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৩৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৩৪ জন চিহ্নিত সন্ত্রাসী এবং ১০৫ জন বিভিন্ন মামলার আসামি।
একই সময়ে সশস্ত্র বাহিনীর অভিযানে একটি পিস্তল, একটি রিভলবার ও দুটি দোনালা বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও র্যাব সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ টি আগ্নেয়াস্ত্র এবং ১৫৫ টি গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি রিভলবার, দুটি পাইপগান, দুটি বন্দুক, দুটি শাটারগান এবং দুটি এলজি। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করে ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও র্যাবের অভিযানে মোট ২০০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩১ জন সাজাপ্রাপ্ত আসামী, ১০১৫ জন গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী এবং অনান্য মামলার আসামী ৯৫৫ জন।
