টিএসসির খাবার বর্জন ও প্রতিরোধের কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজ্ঞান ক্যাফেটেরিয়ার খাবারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে খাবার বর্জন ও বিক্রি প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রগতিশীল ছাত্র জোট দাবি করে, দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে, জরুরি অবস্থার সুযোগ নিয়ে সম্পূর্ণ অযৌক্তিকভাবে টিএসসি কর্তৃপক্ষ ১৮ টাকার খাবারের দাম ২২ টাকা নির্ধারণ করেছে।
বিভিন্ন অব্যবস্থাপনা ও অস্বচ্ছতাকে খাবারের মূল্য বৃদ্ধির একমাত্র কারণ দাবি করে ছাত্র জোট বলেছে, এসব দূর করা হলে খাবারের ওই মূল্য ১৬ টাকাতে নামিয়ে আনা সম্ভব।
এছাড়া বিগত দিনে টিএসসিতে মিনা বাজার, পোশাক বিক্রির আয়োজন, ‘ন্যাস ক্যাফের’ কাছে টিএসসি ভাড়া দেওয়ার বাণিজ্যিক উদ্যোগের ধারাবাহিকতাতেই খাবারের এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি হসাইন আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর হিল্লোল।
