২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মঙ্গলবার নগরীতে পৃথক দুটি অভিযানে প্রায় তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

নগরীর সদরঘাট ও পাঁচলাইশ এলাকায় এ উচ্ছেদ অভিযানে একটি কমিউনিটি সেন্টার, একটি স্কুল, দুটি শপিং সেন্টার ও দুটি আবাসিক হোটেলের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এছাড়া রাস্তার দুই পাশে ছোট বড় প্রায় তিনশ অবৈধ দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।  

পাঁচলাইশ এলাকায় অভিযানের সময় রূপনগর কমিউনিটি সেন্টার, প্রবর্তক বিদ্যাপীঠ, মিমি সুপার মার্কেট ও কল্লোল সুপার মার্কেটের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে ফুটপাত ও রাস্তার জায়গা পুনরুদ্ধার করা হয়।

অপরদিকে, সদরঘাট রোড থেকে গ্রান্ড স্ট্যান্ড রোড পর্যন্ত অভিযানে হোটেল শাহজাহান ও হোটেল ডি লাইটের বর্ধিত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। এ সড়কের বেশ কয়েকটি দোতলা ও তিনতলা বাড়ির একাংশও অবৈধদখলের দায়ে ভেঙ্গে ফেলা হয়। তবে অবৈধ দখলের অভিযোগে এ এলাকায় কিছু স্থাপনা ভাঙার প্রক্রিয়া শুরু করার সময় কথিত মালিকরা হাইকোর্টের রুল নিশি নিয়ে হাজির হলে অভিযান স্থগিত রাখা হয়। এর মধ্যে লায়ন সিনেমা হল রয়েছে।

সিডিএ সূত্র জানায়, এ এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বুধবার একটি তিনতলা ভবন পর্যায়ক্রমে ভাঙ্গার কাজ শুরু হবে।

ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের সঙ্গে এসব অভিযানে আরো ছিলেন সিডিএÑÑ এর প্রধান প্রকৌশলী এম এ হালিম ও অথরাইজেশন কর্মকর্তা ফললুল করিম।

এদিকে, মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ যানবাহন চলাচল বন্ধের জন্য স্বল্পতম সময়ের মধ্যে সেগুলো কেটে স্ক্যাপে পরিণত করতে আদালতের দেওয়া নির্দেশ কার্যকর করা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে এরকম ৭টি ট্রাক ও ট্রেইলার আটক করে স্ক্রাপে পরিণত করা হয়।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ পার্কিংয়ের দায়ে ১০টি বাস,  ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজি টেক্সি আটক ও ৯ জন চালককে ৩৬ হাজার টাকা জরিমানা করে।  

আরেক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১১টি ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের ৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করে ২ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করে।