শ্রীমঙ্গলে র্যাব সদস্যের অস্ত্র ছিনতাই, ১৬ জন আটক
তালিকাভুক্ত সন্ত্রাসী কামাল আহমেদ ওরফে ড্রাইভার কামাল এক র্যাব সদস্যের ওপর হামলা চালিয়ে তাঁর পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় যৌথবাহিনী কামালের পরিবারের সদস্যদের আটক করলেও অস্ত্রটি উদ্ধার করতে পারেনি।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার লছনা--আমরাইলছড়া চা বাগান সড়কে।
র্যাব দাবি করেছে, সোমবার রাত সোয়া ৮ টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর তিন সদস্যের একটি দল কামালকে আটক করতে গেলে কামাল ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় এসআই মান্নান গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা আহত মান্নানের কাছ থেকে তার নাইন এমএম পিস্তলটি ছিনিয়ে পালিয়ে যায়।
এদিকে, ছিনতাইকৃত পিস্তল উদ্ধারে র্যাব ও সেনা সদস্যরা যৌথ অভিযান চালিয়ে কামালের মা, স্ত্রী এবং কয়েকজন সহযোগীসহ ১৬ জনকে আটক করেছে। তবে কামালকে ধরতে পারেনি যৌথ বাহিনী।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মজিদ জানান, র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া লিখিতভাবে কাউকে এখনও পুলিশে হস্তান্তর করা হয়নি বলেও তিনি জানান।
র্যাব-৯ এর এক কর্মকর্তা বলেন, “অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কামালকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রসহ তাকে গ্রেপ্তারে আমরা আশাবাদী।”
