২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরকন্যা চট্টগ্রামে বাড়ছে পানির অভাব

বন্দরনগরী চট্টগ্রামের ৪০ লাখ মানুষের পানির চাহিদার মাত্র ৩৪ শতাংশ পূরণ করতে পারছে ওয়াসা। সম্প্রতি বিদ্যুতের অভাব এবং হালদা নদীর পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় ওয়াসার পানি উৎপাদন আরো চার কোটি লিটার কমে গেছে। অনেক স্থানেই পানিতে লবণের পরিমাণ বেশি হওয়ায় তা মুখে তোলা যাচ্ছে না। গৃহস্থালীসহ নানা সমস্যায় নগরবাসীর ত্রাহি অবস্থা। জানাচ্ছেন রুহুল আমিন রানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

নগরীর এ কে খান গেট এলাকার জয়নব বেগম ওয়াসা ভবনে এসেছেন নগদ টাকায় পানি কিনতে। তিনি বললেন, আমার  শ্বশুর হার্টের রোগী। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ডাক্তার তাকে তা ব্যবহার করতে নিষেধ করেছেন। প্রথম কয়েকদিন মিনারেল ওয়াটার কিনেছি। এখন কুলোতে না পেরে ওয়াসার পানি কেনার জন্য এসেছি। তাও সহজে মিলছে না। এখানেও অনেক লম্বা লাইন।”    

নগরীর এই তীব্র পানি সংকট শিগগিরই দূর হওয়ার সম্ভাবনাও নেই। ওয়াসার কর্মকর্তারাই এই কথা জানিয়ে বলেন, সংকট কাটাতে আপাত কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ স্বল্পতা ও হালদা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় নগরীতে পানি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ওয়াসা পানি উৎপাদন করছে গড়ে সাড়ে ১৪ কোটি লিটার। স্বাভাবিকের চেয়ে যা প্রায় চার কোটি লিটার কম। এ কারণে চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি হচ্ছে ৪০ কোটি লিটার।

বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী নগরীর ৪০ লাখ মানুষের জন্য পানির চাহিদা দৈনিক ৫৪ কোটি লিটার। গত এক সপ্তাহ ধরে আগের চেয়ে উৎপাদন আরো হ্রাস পাওয়ায় বেশিরভাগ  স্থানে পানির অভাবে দিশেহারা নগরবাসী। একইসাথে সুপেয় পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। 

চট্টগ্রাম ওয়াসার সদস্য (প্রকৌশল) ইঞ্জিনিয়ার সৈয়দ তৌহিদুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “পানির বর্তমান সংকট শিগগিরই কাটাতে আমাদের হাতে কোনো ‘এক্সটা মেকানিজম’ নেই। হালদা নদীর পানির লবণাক্ততা না কমলে এ অবস্থার আপাত সুরাহা হবার সম্ভাবনা নেই বললেই চলে।”

তিনি বলেন, লবণাক্ততা বেড়ে যাওয়ায় মোহরা শোধনাগারে উৎপাদন কমাতে হয়েছে। তবে মোহরায় উৎপাদিত পানির সাথে গভীর নলকূপের পানি মিশিয়ে কিছুটা লবণাক্ততা কমিয়ে সরবরাহ করার কাজ শুরু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দুটি লাইনের মাধ্যমে লবণাক্ত পানির সাথে গভীর নলকূপের পানি মিশিয়ে এর লবণাক্ততা কমানোর চেষ্টা চলছে।

তবে এটি সাময়িক একটি ব্যবস্থা। এ প্রক্রিয়ার মাধ্যমে সংকট কাটানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।   

তিনি জানান, গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রামে এমন ঘটনা মাত্র তৃতীয়বার ঘটেছে। বৃষ্টি না হলে এ সমস্যা থেকে উত্তরণের আশু সম্ভাবনা নেই। শোধনাগারে লবণাক্ততা কমানোর অন্য কোনো প্রযুক্তি তাদের কাছে নেই।

প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামও একই তথ্য জানিয়ে নফহবংি২৪.পড়স কে বলেন, লবণাক্ততার পরিমান কমিয়ে যাতে পানি কিছুটা সুপেয় করা যায় সে চেষ্টা চলছে। এজন্য আগামী দুই একদিনের মধ্যে মোহরায় শোধিত পানির সাথে গভীর নলকূপের পানি মিশিয়ে তা পানের উপযোগী করার চেষ্টা চলছে।

তিনি জানান, নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত ৫২টি গভীর নলকূপেও পানি উত্তোলন কমেছে লক্ষ্যণীয় মাত্রায়। বিদ্যুৎ সমস্যার কারনে অধিকাংশ নলকূপ দিনরাত মিলিয়ে ৭ থেকে ৮ ঘন্টা বন্ধ থাকে। গত কয়েকদিন উত্তোলন হচ্ছে গড়ে ৭ থেকে সাড়ে ৭ কোটি লিটার যা স্বাভাবিকের চেয়ে দুই থেকে দেড় কোটি লিটার কম। ৯ কোটি লিটার উৎপাদনক্ষম মোহরা শোধনাগার থেকেও পানি উৎপাদন কমাতে হয়েছে প্রায় দুই কোটি লিটার। এ কারণে চাপের মধ্যে রয়েছে ওয়াসা।

প্রধান প্রকৌশলী বলেন, শিগগিরই হালদা নদীতে লবণাক্ততা হ্রাস না পেলে সংকট আরো বাড়বে। বৃষ্টির অপেক্ষা ও বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির জন্য তাকিয়ে ছাড়া আমাদের তেমন কিছু করার নেই।

প্রসঙ্গত, কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের পানি নদীর উজানে ২৫ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হওয়ায় একইসঙ্গে কর্নফুলী ও হালদা নদীতে লবণাক্ততা উল্লেখযোগ্য পরিমান বেড়ে গেছে।

তাছাড়া ঘনঘন লোডশেডিংয়ের কারণে বুষ্টারগুলোর মাধ্যমে ওয়াসার পানি উঁচু এলাকাগুলোর জলাধারে তোলা সম্ভব হচ্ছে না। ওয়াসার একাধিক প্রকৌশলী জানান, নগরীর নিচু এলাকায় কিছুটা পানি মিললেও এই কারণে উঁচু এলাকায় পানি পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে।

নগরীর মুরাদপুর, চকবাজার, লালখান বাজার, আগ্রাবাদ, হালিশহর, সাগরিকা, আসকার দীঘির পাড়, ষোল শহর, চশমা হিল, ডিটি রোডসহ অনেক এলাকার লোকজন প্রতিদিন ওয়াসা ভবনে এসে ধরনা দিচ্ছেন যদি কোনো উপায়ে দিনে কিংবা রাতে অন্তন্ত একবার সরবরাহ পাওয়া যায় ।

লালখান বাজার এলাকার বাসিন্দা আল আমিন জানান, দিনের বেশিরভাগ সময় পানি থাকে না। তার উপর এখন যোগ হয়েছে লবণাক্ততা ও দুর্গন্ধযুক্ত ময়লা পানির সরবরাহ। প্রথম দুই দিন কোনমতে সহ্য করতে পারলেও তারপর আর টিকতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার দুই বোন ক্যাম্পাসের হলে চলে যেছে। 

পুরো লালখান এলাকার সবার এক রকম দিশেহারা অবস্থা।

পানি সংকটের কারনে নগরীতে বোতলজাত পানি বিক্রি  বেশ বেড়ে গেছে। অনেক এলাকার দোকানে এ কারণে সরবরাহ পাওয়ার ক্ষেত্রেও ঘাটতি দেখা দিয়েছে। এ সুযোগে অনেক দোকানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওয়াসা নগরীতে পানি সংকট কাটাতে গত কয়েক বছরে তিনটি বড় ধরনের প্রকল্পের পরিকল্পনা নিলেও বাস্তবায়নে অগ্রগতি হয়নি। এক হাজার কোটি টাকার এই তিনটি বড় ধরনের প্রকল্প ফাইল ওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। শুরু হতে গিয়েও শেষপর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে মদুনাঘাট এবং দ্বিতীয় মোহরা পানি শোধনাগার প্রকল্পের কাজ। তাই গভীর নলকূপ স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম।

কর্ণফুলী পানি প্রকল্পও সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যেই আছে । পানির উৎপাদন বৃদ্ধিতে গভীর নলকূপ স্থাপন ছাড়া গত ১৯ বছর ধরে চট্টগ্রাম ওয়াসা নতুন কোন প্রকল্প বাস্তবায়ন করেনি বলে সূত্র জানায়।

আবার এসব গভীর নলকূপের মধ্যে অন্তত ১৫টির উৎপাদিত পানিতে আয়রণের আধিক্য, অপরিষ্কার ও গন্ধযুক্ত বলে অভিযোগ আছে। 

প্রসঙ্গত, মোহরা প্রথম প্রকল্প এবং ৫২টি গভীর নলকূপ থেকে ওয়াসার বর্তমান পানি দিয়ে ৪০ লাখ মানুষের এই নগরীর কেবল ৩৪ শতাংশের চাহিদা পূরণ করা যায়।