২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বক্তব্যের কড়া সমালোচনা করলেন ওবায়দুল কাদের

প্রধান উপদেষ্টার ভাষণ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগকে জড়িয়ে যেসব মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভ্ুঁইয়া অহেতুক আওয়ামী লীগকে আক্রমণ করায় আমরা বিস্মিত ও ক্ষুব্ধ।”

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে মান্নান ভূঁইয়া ও তার সহকর্মীদের মনের কষ্টের ভাষা আমরা বুঝি। আকস্মিক এক পরিবর্তনের ঝড় তাদের অনেকদিনের সাজানো বাগান তছনছ করে দিয়েছে বলে তারা ভেঙে পড়েছেন।”

জোট সরকারের নেতারা গত পাঁচ বছর ধরে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, “অবৈধ সম্পদ রক্ষার জন্যই তাদের অবৈধ একটি নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রয়োজন ছিল। সেই চেষ্টায় সফল না হয়েই তারা অসংলগ্ন প্রলাপ বকছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করছেন।”