২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে শাস্তি পেতে হবে: ফখরুদ্দীন

প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 02:40 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

প্রথমবারের মত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক বৈঠকে মঙ্গলবার প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন, পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সরকারি চাকুরেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবরাও প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। (আরও তথ্যসহ-- ২)

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তাদের প্রভু বিশেষ কোনো রাজনৈতিক দল নয়। তারা প্রজাতন্ত্রের কর্মী  ও জনগণের সেবক।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রধান দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও প্রশাসনিক কর্মকর্তাদেরও এক্ষেত্রে অনেক ভূমিকা রয়েছে।

সচিবদের উদ্দেশে দেওয়া ভাষণের শেষ পর্যায়ে ফখরুদ্দীন বলেন, “দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, দেশে অর্থনীতির চাকা সচল রাখাসহ অর্থনীতিতে গতিশীলতা আনয়ন, আইন--শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বৈদেশিক সম্পর্ক সমুন্নত রাখাসহ একটি জবাবদিহিতামূলক জনপ্রশাসনের মাধ্যমে সরকারের নিত্যনৈমিত্তিক কাজ সুচারুরূপে পরিচালনার বিষয়ে সকলকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি।” 

রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে দিক নির্দেশনার কথা বলেছেন তা কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠকের এক সূত্রে জানা গেছে।

দুপুর ১১টা ১০ মিনিটে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় দুপুর দেড়টায়। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনায়েম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আটজন সচিব বৈঠকে বক্তব্য রাখেন। তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এসময় প্রেস সচিব জানান, সচিবদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের ইমেজের কোনো সমস্যা থাকলে সেটা এখনই পুনরুদ্ধার করে নিতে হবে।”

বৈঠকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও মাঠ প্রশাসন নিয়েও আলোচনা হয়। সচিবরা প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়ে বলেছেন, “আমরা সরকারি চাকুরে। আমরা যদি নিয়ম অনুযায়ী কাজ করতে না পারি তাহলে আপনি আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।”