২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আ. লীগ নেত্রী দীপ্তি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের (৪) নির্বাচিত ওয়ার্ড কমিশনার শাহেদা তারেক দীপ্তিকে পুলিশ ও সেনাসদস্যরা সোমবার গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক দীপ্তির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে তার মেয়ে  জানান, বস্তি উচ্ছেদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কথা বলতে গেলে তার মাকে সেনা সদস্যরা গ্রেপ্তার করে। সোমবার বিকেলে বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই গ্রেপ্তারের প্রতিবাদে কয়েক শ এলাকাবাসী পল্লবী থানার সামনে  বিক্ষোভ  করেছে। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলেন মহিলা। জানা গেছে পুলিশ প্রথমবারের চেষ্টায় বিক্ষোভকারীদের বাধার মুখে দীপ্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “ওয়াসার মালিকানাধীন ‘ভোলা বস্তি’ উচ্ছেদকালে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের  সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানে সেনা ও পুলিশ সদস্য উভয়েই অংশ নেন।”

দীপ্তির একমাত্র মেয়ে মন্দিরা নফহবংি২৪.পড়স কে বলেন, “বস্তি উচ্ছেদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কথা বলতে গেলে আমার মাকে সেনা সদস্যরা গ্রেপ্তার করে।”

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) সাংগঠনিক সম্পাদক রোকসানা মলি জানান, “ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসির উদ্দিনের সাথে কথা বলতে গেলে তিনি পুলিশ ও সেনাবাহিনী দিয়ে দীপ্তিকে গ্রেপ্তারের হুমকি দেন এবং পুলিশ ডাকেন। পুলিশ গিয়ে কোন কথা না বলে বস্তির ঘর ভাঙার জন্য বুলডোজার চালানোর নির্দেশ দেন এবং দীপ্তিকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এসময় এলাকাবাসীর সাথে সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে পুলিশ পিছু হটে যায়।”

তিনি বলেন, এর কিছুক্ষণ পর মেজর মুসফিকের নেতৃত্বে সেনা সদস্যরা এবং পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।