এলডিপি সভাপতির সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবর সোমবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বারিধারার কেসি মেমোরিয়াল ক্লিনিকে বিকাল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী, উপদেষ্টা হারুন উর রশিদ, উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরশাদ উজ-- জামান প্রমুখ।
বৈঠক শেষে আনোয়ারুল কবির তালুকদার সাংবাদিকদের বলেন, “আমরা অধিক সংখ্যায় উভয় দেশের সরকারি ও বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক--ছাত্র ও ব্যবসায়ীদের সফর বিনিময়ের বিষয় নিয়ে আলোচনা করেছি। এতে উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আমরা মনে করি।”
তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি সাংবাদিকদের জানান।
অন্যদিকে বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, তিনি বি. চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসেছেন। তাদের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
