ঢাকার আশপাশে নদী তীর উদ্ধার অভিযান শুরু হচ্ছে শিগগিরই
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং তুরাগ নদী তীরবর্তী স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হবে। সূত্র জানায়, এরই মধ্যে ১ হাজার ১৯০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে মন্ত্রণালয়। এর মধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর তীরবর্তী স্থানে রয়েছে যথাক্রমে ৫৪০, ৪০০ এবং ২৫০টি অবৈধ স্থাপনা। এসব স্থাপনার মধ্যে কোন কোন জায়গায় ছয়তলা ভবন, মার্কেট, ইটের ভাটা, টিনশেড ঘর এবং ২৫টি ডকইয়ার্ড রয়েছে।
এসব অবৈধ স্থাপনা মিরপুরের বিএনপি দলীয় ওয়ার্ড কমিশনার ডিপজল, সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু, হাজি সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বলে জানা গেছে।
উল্লেখ্য বিগত জোট সরকার একাধিকবার এই নদীর তীরবর্তী স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক মহলের চাপে উচ্ছেদ অভিযান আর বেশিদূর এগোয়নি।
এ ব্যাপারে নৌপরিবহন উপদেষ্টা এম এ মতিন বলেন, এবারের উচ্ছেদের ব্যাপারে সার্বিক প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। উচ্ছেদের পর যাতে ভবিষ্যতে পুনরায় এসব জমিতে আর অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সে বিষয়টি মাথায় রেখে অভিযান শুরু করা হবে।
তিনি বলেন, “এ কারণে উচ্ছেদ অভিযান শুরু করতে হয়তো একটু দেরি হচ্ছে।”
