প্রশাসন ঢেলে সাজানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান বলেছেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের যা যা প্রয়োজন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন ঢেলে সাজানোর অংশ হিসেবে রোববার সচিব পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়েও প্রশাসন ঢেলে সাজানো হবে।”
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য মতিউর রহমান আরও বলেন, “এখন পর্যন্ত প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়নি। বৈঠক হওয়ার পর সব বিষয় পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে সার্বিক দিক নির্দেশনা দেওয়া আছে, সে মোতাবেক কার্যক্রম পারিচালিত হবে।”
নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে হয়েছে বলে তিনি জানান।
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে স্বল্পতম সময়ের মধ্যেই সিইসি নিয়োগ দেওয়া হবে।”
উল্লেখ্য, বর্তমানে ইউএনও পর্যায়ে শতাধিক কর্মকর্তা আছেন যারা বিগত সরকারের আমলে এ পদে নিয়োগ পেয়েছিলেন। এর পাশাপাশি বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ২০ জেলা প্রশাসকও কর্মরত রয়েছেন।
