উত্তরায় ১৫০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা লুট
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সোমবার ভোররাতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ নয় নম্বর সেকশনের ৭/সি সড়কের ২/১ নম্বরের ওই বাড়ির গাড়ি চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাড়ির মালিক মোহাম্মদ আলি বাদি হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
মোহাম্মদ আলি জানান, ১৫ থেকে ১৬ জনের ডাকাত দলটি ড্রয়িং রুমের গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে তাদের পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তাদের গাড়ি চালকের হাত রয়েছে বাড়ির লোকজন সন্দেহ করছে।
পুলিশ চালককে গ্রেপ্তার করার পর তার কথা মত আরও দুজনকে আটক করে পুলিশ।
উত্তরা থানার এসআই রিনা বেগম জানান, এ ব্যাপারে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য তারা চেষ্টা চালাচ্ছে।
