প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে হলে ধৈর্য ধরতে হবে: সি এস করিম
প্রত্যাশা অনুয়ায়ী নির্বাচন করতে হলে জনগণকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
সোমবার কৃষি মন্ত্রনালয়ের দপ্তরে সি এস করিম সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য হচ্ছে সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করা। এজন্য ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র এবং স্বচ্ছ ব্যালট বাক্সসহ জনগণের বেশ কিছু দাবি রয়েছে। তাদের এই দাবি পূরণ করার জন্য সময়ের প্রয়োজন।”
অবশ্য যথাযথ ভোট করতে কতদিন লাগবে সে সম্পর্কে কিছু বলতে পারেননি উপদেষ্টা সি এস করিম। তিনি বলেন, “ভোটার পরিচয়পত্র তৈরির জন্য সবার সহযোগিতা দরকার। এই সহযোগিতার জন্য সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”
রোববার রাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের ভাষণে দুর্নীতি সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে সি এস করিম বলেন, “কিছু লোক দুর্নীতির সঙ্গে জড়িত। তবে পুরো দেশকে এখনও দুর্নীতি গ্রাস করেনি।”
তিনি বলেন, “এখনও দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢোকেনি। দুর্নীতি দমনে ‘গডফাদার’ এবং ‘গ্রান্ড গডফাদারদের চিহ্নিত করতে পারলেই ব্যবস্থা নেওয়া যাবে।”
উপদেষ্টা সি এস করিম বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। আন্দোলনের ফলে সমাজে এমন পরিস্থিতি সৃষ্টি হবে তাতে দুর্নীতিবাজরা নিজেরাই লজ্জা পাবে ।”
