সরকার চাইলে নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করবে এনডিআই
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট(এনডিআই)। তত্ত্বাবধায়ক সরকার চাইলে তারা ভোটার তালিকা তৈরিসহ নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহী।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশে এনডিআই এর আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট সাংবাদিকদের একথা জানান।
ওয়েন লিপার্টের নেতৃত্বে এনডিআইয়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার সকাল সাড়ে এগারেটা থেকে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে ঘন্টাব্যাপী সাক্ষাত করেন।
বৈঠক শেষে ওয়েন লিপার্ট সাংবাদিকদের বলেন,“আমরা বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করছি।বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলের কাছে জানতে চেয়েছি। তার ধারাবাহিকতাতেই আমরা আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি।”
লিপার্ট বলেন,“আমরা ভোটার তালিকাসহ নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে চাই।” তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন,“ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাই একটা সুষ্ঠু ভোটার তালিকা। আর এর জন্য এই বিষয়টার প্রতি সবারই লক্ষ্য রাখা উচিৎ।”
সাবের বলেন,“নির্বাচনী প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো জরুরী। ভোটার তালিকা তৈরিতে যারা মাঠ পর্যায়ে কাজ করবে তাদের কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সে বিষয়েও আলোচনা হয়েছে।”
এনডিআইয়ের প্রতিনিধিদলে ওয়েন লিপার্ট ছাড়াও ছিলেন,সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক পিটার ম্যানিক্যাল এবং ডেবরা হিলি।
এনডিআই এর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন,সাবের হোসেন চৌধুরী,সাবেক কূটনীতিাবদ জিয়াউদ্দিন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডা.দীপু মণি এবং শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি মাহবুবুল হক শাকিল।
