চট্টগ্রামে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা
যৌথ বাহিনীর হাতে আটক চট্টগ্রামের বিএনপি নেতা আবদুল কাদের মিলনের মৃত্যুতে রোববার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জালালবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার মিলন যৌথ বাহিনীর হাতে আটকাবস্থায় রোববার সকালে মারা যান। বিকালে বায়েজিদ থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আবদুল লতিফ নফহবংি২৪.পড়স-- কে জানান।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বায়েজিদ থানা পুলিশ তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বুঝে নেয় এবং পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মোস্তফা হারুন বিএনপি নেতার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
সেনা সূত্র জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী শনিবার রাতে বায়েজিদ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যৌথ বাহিনী মিলনকে নিয়ে রাতে বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
সূত্র জানায়, বিএনপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে এশিয়ান ইউনিভার্সিটি সংলগ্ন আরেফিন পাহাড়ে একটি সন্ত্রাসী গ্র“পের খোঁজে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মিলন পাহাড় থেকে পড়ে যায়।
রোববার সকালে আটক বিএনপি নেতা অসুস্থ বোধ করলে যৌথবাহিনী তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে সূত্র জানায়।
সেনা সূত্রের বক্তব্য অনুযায়ী সাবেক ওয়ার্ড কমিশনার মিলন বায়েজিদ থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ইতিপূর্বে এলাকায় সন্ত্রাসী গ্র“প গঠনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বায়েজিদ থানা সংলগ্ন পাহাড়ী এলাকার জমি দখল করে বিক্রির অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর হাতে আটক ১৩
এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনী আরও ১৩ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিন জনের কাছ থেকে ১০টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানায়।
সেনা সূত্রে জানা যায়, আটককৃত মধ্যে বোয়ালখালীর সাবেক চেয়ারম্যান অশোক ভঞ্জের ভাই দীপেন ভঞ্জের কাছ থেকে একটি কিরিচ, বোয়ালখালীর জসিমের কাছ থেকে ৪টি কিরিচ ও চন্দনাইশের বিল্লাল উদ্দিনের কাছ থেকে পাঁচটি কিরিচ উদ্ধার করা হয়।
অপর আটককৃতরা হলেন চন্দনাইশের আশরাফ উদ্দিন, পটিয়ার সেলিম ও নাসির , রাউজানের জাহাঙ্গীর, মিরসরাইয়ের আবদুর রহিম, ফটিকছড়ির আমান উল্লাহ ও মাঈনুদ্দিন, রাঙ্গামাটির সুমন ত্রিপুরা ও রফিকুল ইসলাম এবং মহালছড়ির মিল্কী মারমা।
