বন্দরনগরীতে বিভিন্ন সংস্থার উচ্ছেদ অভিযান
চট্টগ্রামকে যানজট মুক্ত নগরীতে রূপ দিতে বিভিন্ন সংস্থার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
রোববার দিনভর নগরীর বিভিন্ন সড়কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এ সময় বায়েজিদ বোস্তামী সড়কের উভয় পাশের সাড়ে তিনশ ছোট-- বড় দালান ও দোকান, স্টেশন রোড, কদমতলী, ধনিয়ালা পাড়া, মাদারবাড়ী, দেওয়ান হাট এলাকার সড়কের দুই পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য নগরীকে যানজটমুক্ত করতে এবং যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে গত বুধবার চট্টগ্রাম সেনানিবাসে উর্দ্ধতন সেনা কর্মকর্তার উপস্থিতিতে ট্রাফিক ব্যবস্থার ওপর একটি সমম্বয় সভা অনুষ্ঠিত হওয়ার পর সিডিএ, সিটি করপোরেশন, মহানগর পুলিশ, চট্টগ্রাম বন্দর ও বিআরটিএসহ সকল প্রতিষ্ঠান অভিযান চালানোর ঘোষণা দেয়।
এরপর থেকে সিডিএ, সিটি কর্পোরেশনসহ অন্য সংস্থাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য অভিযান শুরু করে। এরই অংশ হিসাবে রোববার এ অভিযান চালানো হয়।
সিডিএ চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন, অথরাইজেশন কর্মকর্তা কাজী ফজলুল করিম ও ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের উপস্থিতিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) রোববার নগরীর দুই নম্বর গেট থেকে পলিটেকনিক্যাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এসময় ব্যস্ততম এ সড়কে প্রায় সাড়ে ৩শ ছোট --বড় দালান ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
সিডিএ কর্মকর্তারা জানান, সিডিএ এর প্ল্যান অনুযায়ী বায়েজিদ সড়কটি ১০০ ফুট চওড়া থাকার কথা। কিন্তু অবৈধ দখলদাররা দীর্ঘদিন থেকে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অনেক স্থান দখল করে রাখায় সিডিএ এ উচ্ছেদ অভিযান চালায়।
এদিকে সিটি কর্পোরেশন ও সিএমপির সহায়তায় বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী স্টেশন রোড, কদমতলী, ধনিয়ালা পাড়া, মাদারবাড়ী, দেওয়ান হাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আদালত রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি ও ব্যবসায়িক প্রয়োজনে জিনিসপত্র রাখার দায়ে ৪ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন ব্যবসায়ীকে পৌনে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। আদালত আন্তজেলা বাস সার্ভিসের নয়টি কাউন্টারও ভেঙ্গে দেয়।
এ ছাড়া একই আদালত বেআইনী পার্কিং ও বৈধ কাগজ ছাড়া চলাচলের অপরাধে পতেঙ্গা ইপিজেড সড়কে অভিযান চালায় এবং নয়টি বাস ও ট্রাক আটক করে।
