‘স্বল্পতম সময়ে গ্রহণযোগ্য’ নির্বাচন হবে: ফখরুদ্দীন
দায়িত্ব নেওয়ার নয়দিন পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জোর দিয়ে বলেছেন, স্বল্পতম সময়ে নির্বাচন করে তারা গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চান। তবে তার আগে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সবকিছু করবে তাঁর সরকার । (আরও তথ্যসহ-- ২)
রাত পৌনে নয়টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে দেওয়া ভাষণে তিনি আশা প্রকাশ করে বলেন, এদেশের নাগরিকেরা এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে --“চিত্ত যেথা ভয়শূণ্য উচ্চ যেথা শির।”
৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এ ভাষণে স্পষ্ট হয়ে গেল যে, সময় নিয়ে হলেও গ্রহণযোগ্য নির্বাচন করতেই এ সরকার বেশি সচেষ্ট থাকবে। এ প্রসঙ্গে তিনি একটি নির্র্ভুল ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র এবং স্বচ্ছ ব্যালট বাক্সের কথা উল্লেখ করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফখরুদ্দীন তার সরকারের দায়িত্ব হিসেবে সুষ্ঠু ও যথাযথ নির্বাচন অনুষ্ঠান, আইন--শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি দমন কমিশন শক্তিশালী করাকে প্রাধান্য দেন।
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, দেশে জরুরি অবস্থা ঘোষণাই করা হয়েছে তাদের কারণে, যা কারোই কাম্য ছিল না। তিনি দেশে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টির জন্য ‘নীতিহীন’ রাজনীতিকে দায়ী করেন।
তিনি বলেন, “ধ্বংস ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপ, পরস্পরবিরোধী রাজনৈতিক দলের মধ্যে সহিংস ও বৈরী মনোভাব, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের কাক্সিক্ষত ব্যবস্থার অনুপস্থিতি- দেশের নির্ধারিত নির্বাচনকে শুধু অসম্ভব নয়, বরং গণতান্ত্রিক ব্যববস্থা ও কাঠামোকেই বিপন্ন করে তুলেছিল।”
প্রধান উপদেষ্টা বলেন, “অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এসব পদক্ষেপ ও পূবর্শর্তের বাস্তবায়ন যেমন প্রয়োজন, তেমনি একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলো কর্তৃক সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া। আজ এটা গণদাবি, সময়ের দাবি।”
তিনি বলেন, “নির্বাচনের অপরিহার্য নিয়মকানুন ও রীতির অনুসরণ এবং কাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি ব্যতিরেকে যেকোনো সাধারণ নির্বাচন অর্থহীন হয়ে দাঁড়ায়। তাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে-- একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার সাধন করে বিভিন্ন দলের অংশগ্রহণের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্মসূচি ও কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আর এটি বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা হতে হবে সর্বাত্মক।”
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, “এটা অপ্রিয় হলেও সত্য যে অতীতেও নির্বাচন কমিশনের কর্মকাণ্ড প্রশ্ন ও সন্দেহের সম্পূর্ণ উর্ধ্বে থাকতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশনও বিতর্কিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন তাই জরুরি। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্ভুল ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশও সমান জরুরি। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ভোটার আইডি কার্ড ও স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যাপারে বিভিন্ন মহলের দাবি রয়েছে। এ ব্যাপারে পরীক্ষা-- নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, “নির্বাচনকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। কালো টাকা ও পেশী শক্তি যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য নির্বাচনের সার্বিক প্রক্রিয়া ও পদ্ধতিতে সংস্কারের সুদৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে নির্বাচনের অংশগ্রহণে ইচ্ছুক সবার সমুদয় সম্পত্তি ও অর্থ উপার্জনের বিশদ বিবরণ ও তার বৈধতা প্রমাণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ চায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দুর্নীতি দমনে পদ্ধতিগত উপায়ে একটি দৃঢ় কার্যক্রম শিগগির শুরু করা হবে। দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহকে পুনর্বিন্যাস ও পুনর্গঠন করা হবে। সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে থেকে এদের কর্মতৎপর করে তোলা হবে।”
প্রধান উপদেষ্টা প্রশাসনের কর্মকর্তাদের সব ধরনের দলীয় অবাঞ্ছিত প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এর আগে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণের সময় ও খসড়া চূড়ান্ত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদ ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন।
