২১ আগস্ট হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উলফা
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিজেদের জড়িত থাকার খবর অস্বীকার করেছে। অসমের এই জঙ্গি গোষ্ঠীর চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া এক বিবৃতিতে দাবি করেছেন, বাংলাদেশে কোনো ধরনের সশস্ত্র তৎপরতার সঙ্গে তারা যুক্ত নেই। অসম গোয়েন্দা পুলিশ প্রধান খগেন শর্মার বরাত দিয়ে প্রকাশিত সংবাদ নাকচ করে দিয়ে তিনি বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা অমানুষিক নির্যাতন চালিয়ে উলফা ‘অধিনায়ক’ পল্লব সাইকিয়ার কাছ থেকে এ স্বীকারোক্তি আদায় করেছে।”
অসমের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে পাঠানো বিবৃতিতে রাজখোয়া বলেন, “নিজেদের প্রয়োজন অনুসারে স্বীকারোক্তি আদায় ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি রুটিন কাজ এবং আমাদের লোকজনদের এজন্য অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়। পল্লবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।”
পল্লব সাইকিয়া উলফার ২০৭ ব্যাটালিয়নের অধিনায়ক বলে জানিয়েছেন অরবিন্দ রাজখোয়া।
অসম গোয়েন্দা পুলিশ প্রধান খগেন শর্মা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ২১ আগস্ট হামলা নিয়ে পল্লব সাইকিয়ার স্বীকারোক্তির খবর নফহবংি২৪.পড়স এর মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের অনেক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্ত পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে কারো সঙ্গে তিনি কথা বলেননি।
পল্লব স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছে বলেও তিনি দাবি করেন।
খগেন শর্মা বলেন, “আটককৃতদের জিজ্ঞাসাবাদের প্রথম পর্যায়ে আমরা অসমে তাদের অবস্থান ও নাশকতার পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করি। একই সঙ্গে আমরা তাদের কাছে অরবিন্দ রাজখোয়া ও পরেশ বড়–য়ার মতো গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান জানতে চাই।”
দুমাস আগেই খগেন শর্মা ঢাকায় উলফার ১২টি অবস্থানের বিষয়ে বিতর্কিত তথ্য দিয়েছিলেন। ১৯৯০ এর দশকের শুরুতে উলফার সামরিক শাখা প্রধান পড়েশ বড়–য়া ঢাকায় আসার পর ওইসব স্থানে থেকেছেন বলেও তিনি দাবি করেন।
জঙ্গি তৎপরতা দমনের ক্ষেত্রে পাল্টা আক্রমণাত্মক কৌশলের জন্য অসম পুলিশের পরিচিতি আছে। অসমের বাইরে থাকা জঙ্গি নেতাদের নির্মূলের জন্য তারা অনেক সময় বিদেশিদের ভাড়া করে থাকে।
১৯৯০ এর দশকের শেষ দিকে অসম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ঘনশ্যাম মুরারি শ্রীবাস্তবের সময় থেকে সেখানে এ ধরনের তৎপরতা শুরু হয়।
শ্রীবাস্তব এখন ত্রিপুরার পুলিশ প্রধান। সেখানেও জঙ্গি দমনে তিনি সাফল্য পেয়েছেন এবং অনেক জঙ্গি আত্মসমর্পণ করেছে।
শ্রীবাস্তব ত্রিপুরায় আত্মসমর্পণকারী জঙ্গিদের দিয়ে সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সক্রিয় জঙ্গি সদস্যদের ওপর হামলাও চালাচ্ছেন। এর আগে অসমে দায়িত্ব পালনের সময় একইভাবে তিনি আত্মসমর্পণকারীদের দিয়ে ভূটানে উলফা ঘাঁটিতে হামলা চালান।
অসমের কংগ্রেস সরকার এখন ঘনশ্যাম মুরারি শ্রীবাস্তবের বিরুদ্ধে অসংখ্য গুপ্তহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে।
