দুই সচিবের চুক্তি বাতিল, নয়জনকে বদলি
অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও আইন সচিব আলাউদ্দিন সর্দারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া সংস্থাপন সচিব ও বিটিভির মহাপরিচালকসহ নয় সচিব এবং দুটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। রোববার বিকেলে এক সরকারি আদেশে একথা জানানো হয়।
দুই সচিবের চুক্তি বাতিলের আদেশ ২১ জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে।
আদেশে বলা হয়, সংস্থাপন সচিব আবু মো. মনিরুজ্জামান খানকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর এবং বিপিএটিসির রেক্টর আবদুস সালাম খানকে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব একেএম জাফর উল্লাহকে বিদ্যুত বিভাগের সচিব, তথ্য সচিব কামাল উদ্দিন আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য সৈয়দ আতাউর রহমানকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া সচিব আমিনুল ইসলাম ভূঁইয়াকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান শেখ এ কে মোতাহার হোসেনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দিদারুল আনোয়ারকে তথ্য সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব বদিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ওয়াজেদ আলী খানকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং বাংলাদেশ টেলিভিশনের বর্তমান মহাপরিচালক মো. আফতাব হাসানকে সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন নিয়োগ শাখায় পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
