২১ আগস্ট হামলার তদন্ত সম্পর্কে জানেন না স্বরাষ্ট্র সচিব
আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম।
স্বরাষ্ট্র সচিব রোববার সাংবাদিকদের বলেন, “হামলার বিষয়টি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তারাই সবকিছু জানেন। পত্র-পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশের পর তথ্য জানানোর জন্য তদন্তকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
হামলায় উলফার জড়িত থাকার বিষয়ে সংগঠনটির শীর্ষপর্যায়ের নেতা পল্লব সাইকিয়ার স্বীকারোক্তি প্রসঙ্গে তিনি বলেন,“আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খোঁজ--খবর নিচ্ছে।”
তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকেও বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অনুসন্ধানের পর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বক্তব্য দেবে।
