আন্দোলন চালিয়ে যাবে নাগরিক কমিটি
বাংলাদেশ রূপকল্প ২০২১ প্রণয়ন এবং রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে “নাগরিক কমিটি ২০০৬” আন্দোলন চালিয়ে যাবে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সংলাপ কক্ষে শনিবার নাগরিক কমিটি ২০০৬ এর ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নাগরিক কমিটি ২০০৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের সভায় সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলন, বাংলাদেশ রুপকল্প ২০২১ প্রণয়নসহ রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার সম্পর্কিত বিভিন্ন উদ্যোগের পর্যালোচনা করা হয়েছে।
এতে দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন বক্তারা।
নাগরিক কমিটি ২০০৬ -এর আহ্বায়ক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম আনিসুজ্জামান, দেবপ্রিয় ভট্টাচার্য, আবুল আহসান, মাহমুদা ইসলাম, জামাল নজরুল ইসলাম, লায়লা রহমান কবির, এম হাফিজউদ্দিন খান, জামিলুর রেজা চৌধুরী, মইনুল হোসেন চৌধুরী, স্যামসন এইচ চৌধুরী, লতিফুর রহমান, এ এস এম শাহজাহান, আব্দুল্লাহ আবু সায়ীদ, এম মুজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
