২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে গোলাবারুদসহ ১০টি বন্দুক উদ্ধার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর দূর্গম এলাকা কালারমারছড়া ইউনিয়নে শনিবার যৌথবাহিনী অভিযান চালিয়ে অফিস পাড়ার দুটি বাড়ি থেকে ১০টি দেশীয় বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় চারজনকে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এর আগে শুক্রবার গভীর রাতে যৌথবাহিনী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে নৌবাহিনী সদস্যরা দেশীয় তিনটি লম্বা বন্দুক ও তিনটি কার্তুজসহ ছয়জনকে আটক করে।

মহেশখালী থানা ও নৌবাহিনী সূত্র জানায়, গোপনে খবর পেয়ে মহেশখালী  উপজেলা প্রশাসন, নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা মহেশখালীর কালারমারছড়ার অফিস পাড়ায় অভিযান চালায়। তারা সেখানকার আমির হোসেনের বাড়ি থেকে নুরুল আলম ও কবির আহমদের বাড়ি থেকে সিকদার মিয়াকে গ্রেপ্তার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি দুটি থেকে ১০টি দেশীয় একনলা বন্দুক, দুটি রামদা, ১০০টি কার্তূজ ও ২০টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

মহেশখালী থানার দারোগা তাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত বন্দুকের মধ্যে সাতটি সচল ও তিনটি বিকল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম এম মাহমুদ জানান, একটি বাড়ি থেকে নয়টি বন্দুক, গোলাবারুদ ও দুটি রাম দা উদ্ধার করা হয়। আরেক বাড়ির একটি  কক্ষের বিছানার পাশে পাওয়া যায় স্টিলের তৈরি একটি লম্বা বন্দুক।

এদিকে, পুরো অভিযানে সঙ্গে থাকা মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কাউসার হোসেন জানান, অভিযান শুরুর আগেই দুর্ধর্ষ সন্ত্রাসী ও অস্ত্রবাজরা গা ঢাকা দেয়ায় একে-৪৭ ও এম-১৬ রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্রগুলো উদ্ধার করা যাচ্ছে না।

অভিযানের সময় আটক একটি বাড়ির মালিক আমির হোসেন (৬৮) জানান, তিনি একজন লবণ মাঠের শ্রমিক। দিনের বেলায় বাড়িতে না থাকা অবস্থায় কয়েকজন লোক তার বাড়িতে অস্ত্র রেখে যায়।