মিউচুয়াল ফান্ড শেয়ারের দাম বাড়ছে
প্রতিটি আইপিওর বিপরীতে ১০ শতাংশ কোটা সুযোগ পাওয়ায় গত কয়েক মাস ধরে মিউচুয়াল ফান্ড গুলোর শেয়ারের দাম বাড়ছে। পূজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত বছর জুলাই মাসে মিউচুয়াল ফান্ড গুলোর জন্য এ সুযোগ দেয়।
দাম বাড়ার কারণ জানতে চাইলে ইনভেস্টমেন্ট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হক খন্দকার জানান, প্রতিটি আইপিও তে ১০ শতাংশ কোটা পাওয়ার পর থেকে দাম বাড়ছে।
তিনি বলেন,“এটি আমাদের বিরাট সুবিধা দিয়েছে। তাছাড়া বাজারে বেশ কিছূ ভালো মানের শেয়ার থাকায় আমরা আমাদের পোর্টফোলিও নতুন করে সাজাতে পারছি।”
বাজারে আইসিবির ১০ টি মিউচুয়াল ফান্ড আছে।
তাঁর মতে, মিউচুয়াল ফান্ডগুলো ১০ শতাংশ কোটা সুবিধা পেতে শুরু করেছে গত বছরের আগষ্ট মাস থেকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের অক্টোবর মাসের তথ্যানুযায়ী, বাজারে তালিকাভূক্ত ১৩টি ফান্ডের মধ্যে দাম বেড়েছিল পাঁচটির, কমেছিল সাতটির এবং অপরিবর্তিত ছিল একটির। তবে নভে¤মরে দাম বাড়ার হার বেড়ে যায়। এ মাসে দাম বাড়ে ১১ টির, কমে একটির আর অপরিবর্তিত থাকে একটি।
অক্টোবর ৩১ এর সঙ্গে জানুয়ারি ১৮ পর্যন্ত মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামের তুলনা করলে দেখা যায়, বেসরকারী খাতের প্রথম ফান্ড এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ প্রথম মিউচুয়াল ফান্ড ও আইসিবি’র ইসলামিক মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ প্রথম মিউচুয়াল ফান্ড ও আইসিবি’র ইসলামিক মিউচুয়াল ফান্ডের দাম ৩১ অক্টোবর থেকে ১৮ জানুয়ারির তুলনায় যথাক্রমে ১০৫ দশমিক ৩৭ শতাংশ, ১০১ দশমিক ৮৬ শতাংশ ও ৭০ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
বিনিয়োগকারীদের আগ্রহের কারণে লেনদেন বেশি হওয়ায় গ্রামীণ প্রথম মিউচুয়াল ফান্ড ও এইমস প্রথম মিউচুয়াল ফান্ড গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা শেয়ারগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।
মোট লেনদেনের ২ দশমিক ৫৩ শতাংশ দখল করায় সপ্তাহ শেষে গ্রামীণের মোট লেনদেনের পরিমান দাঁড়ায় ১১ কোটি আট লাখ টাকা। গত সপ্তাহের তুলনায় গ্রামীণের মোট লেনদেন বেড়েছে ২০ শতাংশ। এইমস প্রথম মিউচুয়াল ফান্ড মোট লেনদেনের ২ দশমিক ২৯ শতাংশ পেয়ে এর মোট লেনদেনের পরিমান হয়েছে ১০ কোটি ২ লাখ টাকা। এইমস-এর মোট লেনদেন বেড়েছে ১৬ দশমিক ৪৬ শতাংশ।
গ্রামীণ প্রথম মিউচুয়াল ফান্ড ও এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের ম্যানেজার এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ এ প্রসঙ্গে বলেন,“ প্রতি শেয়ারের বিপরীতে নেট সম্পদের মূল্য ভাল হওয়ায় গ্রামীণ ও এইমস ভালো করছে।”
তিনি বলেন, “আমাদের নেট সম্পদের মূল্য বেশি হওয়ায় এটির ব্যবস্থাপনা ভালো মনে করছেন বিনিয়োগকারীরা। আইপিওতে আবেদন করে আমরা বেশ কিছূ সংথ্যক প্রাথমিক শেয়ারও পেয়েছি। এ কারণে আমরা পোর্টফোলিও পুনর্গঠন করতে পারছি।”
অক্টোবরের ৩১ তারিখের তুলনায় আইসিবির ষষ্ঠ মিউচুয়াল ফান্ড, অষ্টম মিউচুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দামও বেড়েছে।
