শেরপুরে আটকাবস্থা থেকে মুক্তির ১৪ ঘন্টার মধ্যে ছাত্রদল কর্মীর মৃত্যু
শেরপুরের নকলা উপজেলা ছাত্রদল কর্মী মাজহারুল ইসলাম রঞ্জু যৌথবাহিনীর আটকাবস্থা থেকে মুক্তি পাওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রঞ্জু পৌর বিএনপি সভাপতি মোখলেছুর রহমান তারার ছোট ভাই। তার পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নকলা বারের কাচারি মসজিদ সংলগ্ন শ্বশুর আব্দুর রাজ্জাকের বাসা থেকে তাকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সেনা সদস্যরা তাকে শুক্রবার বিকেল ৪টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
পরে রঞ্জু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৬ টায় সেখানে তার মৃত্যু ঘটে।
তার ভাই হেলাল উদ্দিন জানান, রঞ্জুর বিরুদ্ধে নকলা থানায় কোন মামলা নেই। রঞ্জুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দুই জোটেরই অনেক নেতাকর্মী আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে গেছে।
এদিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলা তারাকান্দা গ্রামের আমির আলীর বাড়ি থেকে শুক্রবার রাতে সাবেক এক সাংসদের ভাই ইসমাইল রহমানসহ (৬০) তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানা গেছে।
শেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিকের ভাই ইসমাইলসহ আটক অন্য দুজন হচ্ছে নকলা ফেয়ারচর এলাকর বাসিন্দা আলমাছ আলীর স্ত্রী ফুল বাহার (৫০) ও তাদের ছেলে আজাদ (২৫)। এদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
