কুষ্টিয়ায় বাসে ডাকাতির সময় গ্রেপ্তার ৯
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ শনিবার ভোরে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় নগদসহ মোবাইল ফোন, ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে শাহজাহান (২৪), আমিল শাহ (৩৫), পল্টু (৩০), আসলাম (৩০), মনিরুল (৪৫), আবুল (৩৪), ইয়াদ আলী (৪৮), আজীজুল (৩০) ও কুদ্দুস সর্দার (৩০)।
ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে কুষ্টিয়া--পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুরে অবস্থান নেয়। এ সময় মনিরুলের নেতৃত্বে নয় সদস্যের ডাকাত দল মহাসড়কে বিছালী ছিটিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাসে ডাকাতি করছিল। খবর পেয়ে এসআই এনামুল ও রেজাউল তাদের ফোর্স নিয়ে ডাকাত দলটিকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দল কুষ্টিয়া মহাসড়কে ডাকাতি করছে। তাদের ধরার জন্য পুলিশের একাধিক বিশেষ দল তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে একটি দল এ অভিযান চালায়।
তিনি বলেন,“পর্যায়ক্রমে পুরো দলকে ধরা হবে।”
