২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই, অস্ত্রসহ গ্রেপ্তার ২

জমি নিয়ে বিরোধের জের ধরে অস্ত্র ও বোমা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের কাইয়ুমপুর এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই ভাড়াটে সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

গ্রেপ্তারকৃতরা জানায়, নাসির ও মিলন নামের দুই সন্ত্রাসী পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ভাড়া করে। চুক্তি অনুযায়ী তাদের দায়িত্ব ছিল মৃত ওয়াজ উদ্দিন ভূঁইয়ার বাসায় ৫টি ককটেল ও একটি পাইপগান রেখে আসার। কথামতো তারা তাদের দায়িত্ব পালন শেষে নিজেদের হাত কেটে খানপুর হাসপাতাল থেকে ডাক্তারী সনদপত্র নিয়ে থানায় মামলা করতে যায়।

পুলিশ সূত্র জানায়, দুই সন্ত্রাসীর কথাবার্তা শুনে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তারা স্বীকার করে যে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই তারা এ কাজ করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মৃত ওয়াজ উদ্দিন ভুঁইয়ার বসত বাড়ি থেকে পাঁচটি ককটেল ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

ওয়াজ উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তাদের সাড়ে ৬ শতাংশ জমি আত্মসাতের জন্য প্রতিপক্ষ রফিক ও সেলিম গং ঘরে অস্ত্র ও ককটেল রেখে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় সে কার্যক্রম ভেস্তে গেছে।

ফতুল্লা থানার দারোগা মিরাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত দুইজন সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।