২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বালক পীর গ্রেপ্তার থানা ঘেরাও, লাঠিপেটা

যৌথবাহিনী শনিবার রাজধানীর তুরাগ থানার বাদলদী গ্রামের কথিত বালক পীর খোরশেদ আলম (১২) ও তার বাবা আমিনুল ইসলামসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় যৌথবাহিনী পীরের আস্তানা গুঁড়িয়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

অভিযানের প্রতিবাদে পীরের সমর্থকরা এলাকায় মিছিল বের করে। একপর্যায়ে তারা তুরাগ ও উত্তরা থানা অবরোধ করলে যৌথবাহিনী লাঠিপেটা করে।

এর আগে শুক্রবার সকালে তথাকথিত আলৌকিক পীরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের টিভি ইউনিটের ফটো সাংবাদিক রফিকুর রহমান রেকু ও তার এক সহকারী পীরের সমর্থকদের মারধরে আহত হন।

পীর সমর্থকরা তাদের কাছ থেকে একটি ডিজিটাল ও দুটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর রয়টার্স সাংবাদিকের মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতেই হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ‘জিয়া পরিষদ’ উত্তরা থানা ইউনিটের সভাপতি জয়নাল আবেদীন মিলনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মিলনকে ছেড়ে দিলেও যৌথবাহিনী পরে আবার তাকে আটক করে।

সূত্র জানায়, মিলনের স্বীকারোক্তি অনুযায়ী সেনা, র্যাব এবং পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী শনিবার কয়েক দফা অভিযান চালিয়ে বালক পীর ও তার বাবাসহ ১৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় কথিত পীরের আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়।

এর প্রতিবাদে পীরের হাজার হাজার সমর্থক এলাকায় মিছিল বের করে। একপর্যায়ে তারা তুরাগ ও উত্তরা থানা অবরোধ করলে যৌথবাহিনী লাঠিপেটা করে। এ সময় গ্রেপ্তার করা হয় আরো ১৫ জনকে।

উত্তরা থানা পুলিশ বলেছে, সংঘর্ষ এড়াতে বালক পীর, তার বাবা ও আরেক শিশুকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানা পুলিশও এর সত্যতা স্বীকার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর জোনের সহকারী কমিশনার আলী হোসেন ফকির নফহবংি২৪.পড়স কে জানান, তথাকথিত পীরের অনুসারীদের একটি হামলার পরিপ্রেক্ষিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, ১২ বছর বয়সী তথাকথিত পীর খোরশেদ আলম গত দুই মাস ধরে ভক্তদের পানি পড়া দিচ্ছিল। এই পানিতে সব ধরনের দুরারোগ্য ব্যাধি ভালো হয় বলে তার অনুসারীরা দাবি করেছে। আর অলৌকিক এই পীরকে কেন্দ্র করে স্থানীয় পর্যাযে লাখ লাখ টাকার মোমবাতি ও পানির ব্যবসা গড়ে উঠেছে বলে এলাকাবাসী জানান।