মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৬
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে নৌবাহিনী। এসময় দেশীয় তৈরি তিনটি লম্বা বন্দুক, তিন রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ছয়জনকে আটক করা হয়।
নৌ বাহিনী জানিয়েছে, আটককৃতরা পেশাদার অস্ত্র কারিগর।
মহেশখালী নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে মহেশখালীর দুর্গম এলাকা হোয়ানক ইউনিয়নের কেরুনতলীতে অভিযান চালায়। হোয়ানক ও শাপলাপুর ইউনিয়নের মাঝামাঝি কেরুনতলীর লোহার পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্র কারখানাটির সন্ধান মেলে।
এসময় ওই কারখানা থেকে তিনটি লম্বা বন্দুক, তিনটি কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং কারখানা থেকে আটক করা হয় ছয়জনকে। এরা হলো অস্ত্র কারিগর নুরুল আলম (৬৫), আবদুস শুক্কুর (৪০), মোহাম্মদ ইসহাক (২০), পলাশ কান্তি দে (১৮), সাদ্দাম হোসেন নামে দুই কিশোর। এদের সবার বাড়ি কেরুনতলী এলাকায়।
নৌ বাহিনী ও স্থানীয় সূত্র দাবি করেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল।
এদিকে অস্ত্র কারখানা সন্ধানের ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম এম মাহমুদ জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে নৌবাহিনী এখনো অভিযানে থাকায় বিস্তারিত কিছু জানেন না।
কক্সবাজার জেলা পুলিশ সুপার আনোয়ার কামালের সঙ্গে ঢাকা থেকে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, অস্ত্র কারখানার সন্ধান এবং অস্ত্রসহ আটকের খবরটি সত্য। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত আটককৃতদের তাদের কাছে হস্তান্তর না করায় এদের প্রকৃত সংখ্যা তিনি জানেন না। নৌ বাহিনী তখনও ঘটনাস্থলে ছিল বলে তিনি খবর পেয়েছেন।
