টঙ্গীর সিগারেট কারখানায় আগুনে কোটি টাকার ক্ষতি, আহত ১০
টঙ্গীর মরকুন এলাকায় ঢাকা টোব্যাকো কোম্পানির গুদামের বৃহস্পতিবার বিকেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড টানা ২২ ঘন্টা চেষ্টার পর শুক্রবার দুপুর দেড়টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে গুদামের তৃতীয় ও চতুর্থ তলা সম্পূর্ণ এবং আসবাবপত্র, যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রচুর পরিমাণে তৈরি সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছে টঙ্গী দমকল বাহিনী সূত্র।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের (কে টু সিগারেট ফ্যাক্টরি) স্টিলের কাঠামোর তৈরি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন সেখানে রাখা তৈরি সিগারেট ও কাঁচামালে (তামাক) ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, ঢাকা ক্যান্টনমেন্ট, গাজীপুর ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পানির স্বল্পতায় কাজে ব্যাঘাত ঘটলে সন্ধ্যা সাতটার দিকে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। কিন্তু পাশে ঘনবসতি থাকায় এবং পানির ব্যবস্থা না থাকায় অগ্নি নির্বাপক দলকে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
আগুন ভয়াবহ রূপ নিলে ঢাকা টোব্যাকো কোম্পানির উত্তর ও পূর্ব পাশ ঘেঁষা বাড়িগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার বেলা ১২টায় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘন্টাখানেক সময় লাগতে পারে। এখনও চারদিকে ছোট আকারে আগুন জ্বলছে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দেড়টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো হিসেব প্রাথমিকভাবে জানা না গেলেও কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আগুনে ফায়ার সার্ভিসের চারজনসহ দশজন আহত হয়েছে। এর মধ্যে এস আলম কোম্পানির মালিক সাইফুল আলম মাসুদ, সহকারি ম্যানেজার কিউসি ওমর হাওলাদার, অফিস পিয়ন আরিফুর রহমান, ফায়ার সার্ভিসের সোলেমান সবুজ, গোলাম, শরীফের নাম জানা গেছে।
