ভেজাল এফএমপি সারে ছেয়ে গেছে বাজার
বাড়ির আঙিনায় দুইশ বেগুন চারা লাগিয়েছিলেন নাটোরের কৃষক আবু তাহের। সেগুলো এখন হলুদ, পাতাগুলি কোঁকড়ানো। স্থানীয় ব্লক সুপারভাইজারের পরামর্শে দস্তা ও এফএমপি সার দিলেও হলুদ গাছ আর সতেজ হয়নি। আরও জানাচ্ছেন অনিকা ফারজানা।
একই ধরনের সমস্যায় ভুগছেন শরীয়তপুরের কৃষক সাত্তার মিয়া। বোরো ধানের কাক্সিক্ষত ফলন পাননি তিনি। ইউরিয়া সার কাজ করলেও এফএমপি (ফিউজড ম্যাগনেসিয়াম ফসফেট) জমিতে যেমন ছিলো তেমনই রয়ে গেছে। ৪৫ দিনেও কোনো পরিবর্তন হয়নি। মাটির সঙ্গে মেশেনি।
দেশের বিভিন্ন এলাকার কৃষকদের এফএমপি সার সম্পর্কে একই অভিযোগ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, বাজারের বেশিরভাগ এফএমপি সারই ভেজাল।
গত এক বছরে এ ইনস্টিটিউটে বিভিন্ন সারের ১৫০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ, গোয়েন্দা বিভাগ, জেলা প্রশাসন, শুল্ক বিভাগ, ভ্রাম্যমান আদালত থেকে বিভিন্ন সময়ে আটক করা এফএমপি সার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে পাওয়া এফএমপি নমুনা পরীক্ষা করে দেখা গেছে এর ৯৫ ভাগ অত্যন্ত নিম্নমানের, যা জমিতে ব্যবহারের উপযুক্ত নয়।
এ ছাড়া ফসফেট বা টিএসপি সারের ৫০ ভাগ, পটাশ সারের পাঁচভাগ, এনপিকেএস বা মিশ্র সারের ৬৩ ভাগ, বোরনের ৯১ ভাগ, দস্তার ৯৬ ভাগ নমুনায় ভেজাল ধরা পড়ে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. শহীদুল ইসলাম নফহবংি২৪.পড়স-- কে জানান, জমিতে এ ধরনের ভেজাল সার ব্যবহার করার ফলে শস্যের ফলন প্রায় ২০ থেকে ২৫ ভাগ কমে যেতে পারে। সেইসঙ্গে দিনের পর দিন এসব সার ব্যবহারে জমি স্থায়ীভাবে অনুর্বর হয়ে পড়ছে।
এদিকে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক জরিপে জানা গেছে, ইতিমধ্যে দেশের ৬৯ লাখ একর জমিতে দস্তা ও ৫৫ লাখ ২৮ হাজার একর জমিতে গন্ধক ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা ভেজাল সারকেই দায়ী করছেন।
সরকারি আদেশ না মেনে আমদানি
এফএমপি বা ফিউজড ম্যাগনেসিয়াম ফসফেট সারাবিশ্বে উন্নত যৌগিক সার হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের কৃষকদের কাছে তা ‘পাথরের ঢেলা’ নামে পরিচিত।
মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে সাতদিন পানিতে ডুবিয়ে রেখেও ভেজাল এফএমপি সার গলানো যায়নি বলে জানান বিজ্ঞানীরা। অথচ দেশের মোট জমির ৭০ ভাগ অম্লধর্মী হওয়ায় এফএমপি সার মাটির উর্বরতা রক্ষায় অপরিহার্য।
মৃত্তিকা বিজ্ঞানীদের অভিযোগ, দেশে আমদানি করা অধিকাংশ এফএমপি সার ভেজাল।
উন্নতমানের সার বাজারজাত করার জন্য বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য ২০০০ সালে সরকার একটি আদেশ জারি করে। এতে বলা হয়েছে, বাজারজাত করার জন্য কোনো প্রতিষ্ঠানের আনা সার মাঠ গবেষণা ও অন্যান্য পরীক্ষায় সন্তোষজনক প্রমাণিত হওয়ার পর সরকারি অনুমতি পেলে ঐ সার অন্য কোনো প্রতিষ্ঠান আমদানি বা বাজারজাত করতে পারবে না।
কিন্তু এফএমপি সারের ক্ষেত্রে সরকারি আদেশের কোনো রকম তোয়াক্কা না করেনি আমদানিকারকরা। একাধিক প্রতিষ্ঠান ব্যবসার অনুমতি পাওয়ায় ভেজাল সারে ছেয়ে যায় বাজার।
প্রচলিত ফসফেট সারের চেয়ে বেশি কার্যকর এফএমপি দ্রুত কৃষকপ্রিয়তা পাওয়ায় ব্যবসায়ীরা এটি আমদানিতে বেশি আগ্রহী।
মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এ ক্ষেত্রে আমদানিকারকরা জোট সরকারের আমলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু কর্মকর্তার সহায়তায় ‘সরকারি অনুমতি’ পেয়েছে।
তবে এ অভিযোগ সম্পর্কে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখ খুলতে রাজি হননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক আব্দুল বারী বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া ব্যবসায়িরাই কেবল সার আমদানি করতে পারবেন।”
অন্য এক কর্মকর্তা সাফ জানিয়ে দেন, “আমরা কিছু জানি না, জানলেও মিডিয়ার সামনে কেন বলবো।’
