রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্প বন্ধ, নাকাল নগরবাসী
তীব্র গ্যাস সংকটের মুখে রাজধানীর অনেক সিএনজি পাম্প স্টেশন বন্ধ হয়ে গেছে। অনেকগুলো দিনে মাত্র কয়েক ঘণ্টা গ্যাস দিতে পারছে। সিএনজি চালিত গাড়ির মালিক ও চালকরা গ্যাস পাওয়ার আশায় এই স্টেশন ওই স্টেশন ঘুরে নগরী চষে ফেলছেন। জানাচ্ছেন আবু নোমান সজীব :
হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সরবরাহ লাইনে গ্যাসের চাপ খুবই কম থাকায় পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের লম্বা লাইন। স্টেশনের সামনের সড়ক এবং লাগোয়া রাস্তাগুলোতেও দেখা দিয়েছে তীব্র যানজট।
সূত্র জানায়, গ্যাসের অভাবে রাজধানীর মগবাজার এলাকায় আনুদীপ, এফডিসির পাশের মিডওয়ে, মিরপুর দারুসসালাম সড়কের পূর্বাচল ও যমুনা, কল্যানপুরের এসএ খালেক, রহমান, মোহনা, কাজীপাড়ায় সিডিসি এবং গাবতলী মাজার রোডের এসএস ফিলিং স্টেশনসহ অধিকাংশ সিএনজি স্টেশনই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায় ট্যাক্সি, প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সাসহ কয়েক শ’ যানবাহনের লাইন আসাদগেট ছাড়িয়ে আনসার কার্যালয়ের কাছে গিয়ে ঠেকেছে।
প্রায় দুই ঘন্টা গ্যাসের জন্য লাইনে অপেক্ষা করা মিরপুরের সিএনজি অটোরিক্সা চালক মোহাম্মদ বশির বলেন, গ্যাস পেতে আরো কমপক্ষে আধাঘন্টা সময় লাগবে। তবে শেষপর্যন্ত পাবো কিনা জানি না।
বাড্ডা এলাকার পাম্পে গ্যাস না পেয়ে রামপুরার বনশ্রী থেকে আসা ট্যাক্সিক্যাব চালক মোঃ জাকির হোসেন অভিযোগ করেন, দীর্ঘ সময় অপেক্ষার পর গ্যাস পাওয়া গেলেও লাইনে গ্যাসের চাপ খুব কম থাকায় এক বারে পুরো সিলিন্ডার ভরা সম্ভব হচ্ছে না। এ কারণে দিনে তাদের দুই থেকে তিনবার গ্যাস নিতে হচ্ছে।
একই পাম্পে গ্যাস নিতে আসা জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটের পরিচালক ডাঃ ইব্রাহীম মজুমদারের গাড়ির চালক বাবুল হোসেন জানান, দুপুর দুইটা থেকে তিনি গ্যাস নেওয়ার জন্য বসে আসেন।
সোনার বাংলা সিএনজি পাম্পে কর্তব্যরত ‘কম্প এয়ার’-এর সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম জানান, সরবরাহ লাইনে স্বাভাবিক সময়ে গ্যাসের চাপ থাকার কথা ১০ পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি)। কিন্তু বর্তমানে লাইনের এই চাপ অধিকাংশ সময়েই ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ পিএসআই-এর মধ্যে ওঠানামা করছে। এমনকি মাঝে মাঝে চাপের মাত্রা শুন্য পিএসআই-এর নীচেও নেমে যাচ্ছে।
এ পরিস্থিতিতে চাপ কম থাকলে গ্যাস সরবরাহ এক ঘন্টা বন্ধ রেখে ট্যাংক ভরার পর আবার পাম্প চালু করার কারণে যানবাহনের এই দীর্ঘ লাইন তৈরি হচ্ছে বলে রফিকুল ইসলাম জানান।
এছাড়া অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তাদের পরিচয় দিয়ে সিরিয়াল ভেঙ্গে গ্যাস নেওয়ার চেষ্টা করায় পাম্পে বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
কল্যাণপুরের সোহরাব সার্ভিস অ্যান্ড ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মোর্শেদ আলম জানান, গ্যাসের অভাবে সকাল দশটা থেকে তাদের পাম্প বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে চারটা থেকে আবার চালু করা হলেও গ্যাসের চাপ খুব কম।
প্রতিদিন তাদের পাম্পের কম্প্রেসার মেশিন ১৭/১৮ ঘন্টা চালানো হলেও এখন তা গড়ে মাত্র ৫/৬ ঘন্টা চালানো সম্ভব হচ্ছে বলে তিনি জানান।
এই পাম্পে যানবাহনের লাইন কল্যানপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে যায়। এতে মিরপুর সড়কে বৃহস্পতিবার বিকেল থেকেই যানজট লেগে ছিল।
একই পাম্পে সিএনজি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (সিডিসি) অপারেশন ইনচার্য কাজী আনিসুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, ঢাকায় তাদের কোম্পানি পরিচালিত নয়টি সিএনজি প¬ান্ট আছে। গ্যাসের চাপ কম থাকায় এর মধ্যে বৃহস্পতিবার তাদের ক্ষিলখেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া এবং বাড্ডার প¬ান্ট বন্ধ ছিল।
সরবরাহ লাইনে গ্যাসের চাপ ৫ পিএসআই এর কম থাকলে কম্প্রেসার মেশিন চালানো ঝুঁকিপূর্ণ হয় বলে তিনি উলে¬খ করেন।
তিতাস গ্যাসের জরুরি বিভাগের কর্তব্যরত কর্মকর্তা আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার সারা দিন তারা অনেক বাসা-বাড়ির গ্রাহকের কাছ থেকে সরবরাহ লাইনে গ্যাসের কম চাপ থাকার অভিযোগ পেয়েছেন। গ্যাসের উৎপাদন কম হওয়ায় এ সমস্যা দেখা দিচ্ছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, জ্বালানি সচিব এএসএম নাসিরউদ্দিন বুধবার সাংবাদিকদের বলেছিলেন, উৎপাদন বেড়ে বৃহস্পতিবার থেকে সংকট কেটে যাবে। সংকট না কাটায় এখন তার বক্তব্য কী তা জানার জন্য বেশ কয়েকবার তার কার্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তার ব্যক্তিগত সচিব হুমায়ন কবীর জানান, স্যার বোর্ড মিটিং এ ব্যস্ত আছেন। তিনি কথা বলতে পারবেন না।
